সোমবার, ১৩ Jul ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম :‘গ্রামে ডাকাত ঢুকেছে, সবাই সতর্ক হোন, পিপিই ও পুলিশের পোশাক পরে ডাকাত এসেছে’-মধ্যরাতে বেশ কয়েকটি মসজিদে এমন ঘোষণা দেওয়া হয়। পরপরই গ্রাম, পাড়া-মহল্লা থেকে দলে দলে লোক বের হয়ে আসে। সড়কে যানবাহন ও যাত্রীদের ওপর ডাকাত সন্দেহে হামলার করে স্থানীয়রা।
মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার আজগানা ইউনিয়নের তেলিনা গ্রামে এমন একটি হামলার ঘটনা ঘটে। কালিয়াকৈর থেকে টাঙ্গাইলের সখীপুরে যাত্রী নিয়ে গিয়েছিলো (ঢাকা মেট্রো-গ, ১৩-৯৯৪৫) নাম্বারের একটি প্রাইভেটকার। কিন্তু যাত্রী নামিয়ে কালিয়াকৈর ফেরার পথে তেলিনা এলাকায় পৌঁছলে ভোরবেলা স্থানীয় এলাকাবাসী তাদের ডাকাত সন্দেহে গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। বর্তমানে গাড়িটি মির্জাপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে সংশ্লিষ্টসূত্রে নিশ্চিত হওয়া গেছে।
অপরদিকে, রাত দুইটার পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া এলাকায় আরেকটি অপ্রীতিকর ঘটনা ঘটে। ঢাকা থেকে ফেরার পথে মহাসড়কের ওই স্থানে পুলিশি চেকপোস্ট ফাঁকি দিতে পায়ে হেঁটে ওই এলাকা পার হওয়ার চেষ্টা করে দুজন ব্যক্তি। কিন্তু ওই এলাকা পার হওয়ার সময় তাদের দিকে টর্চ লাইট ধরে এলাকাবাসী।
ভয় পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে তারা। ব্যর্থ হয়ে এলাকাবাসীর হাতে মারধরের শিকার হন ওই দুই ব্যক্তি। পরে পুলিশের সহায়তায় গন্তব্যের পথে যাত্রা করতে সমর্থ হন তারা।
ডাকাতের এমন গুজবে অনেকে বিশ্বাস করে ফেলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকাত আসার এমন স্ট্যাটাসও দিতে দেখা যায় অনেককে।
সবমিলিয়ে গেলো মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ডাকাত আতংক নিয়ে রাত পার করে মির্জাপুর উপজেলাবাসী। যদিও কোথাও ডাকাতির কোন ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে মির্জাপুর থানা পুলিশ।
এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান বলেন, এলাকায় ডাকাত ঢোকার বিষয়টি সম্পূর্ণই গুজব। খোঁজ নিয়েও কোথাও এমন ডাকাতির ঘটনার সত্যতা পাওয়া যায়নি। কারা এই গুজব তৈরি করছে, কীভাবে এই গুজব ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।
নগরকন্ঠ.কম/এআর