সোমবার, ১৩ Jul ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকার আশুলিয়া থেকে মাগুরায় ফেরা এক গার্মেন্টসকর্মী করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। তার বাড়ি মাগুরার সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নে।
মাগুরা জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই মৃগিডাঙ্গা গ্রামটিকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আশুলিয়ায় একটি গার্মেন্টসে তিনি কর্মরত ছিলেন বলে জানা গেছে।
মাগুরার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ওই যুবক গত ১৭ এপ্রিল পরিবারের আরও তিন সদস্যের সঙ্গে মাগুরায় গ্রামের বাড়ি মৃগিডাঙ্গায় ফিরে আসে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে প্রশাসন তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করে। মঙ্গলবার জীবনসহ ওই পরিবারের ৪ সদস্যের নমুনা পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হয়।
মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, ৪ জনের নমুনা পাঠানো হলেও বুধবার কেবল যুবকটির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তবে আক্রান্ত ওই যুবক এবং পরিবারের অন্য কারো শরীরে করোনা রোগীর কোনো উপসর্গ জ্বর, সর্দি, কাশি দেখা যায়নি।
এ দিকে যশোর পিসিআর ল্যাব থেকে রিপোর্ট পাওয়ার পর স্বাস্থ্য বিভাগ, জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। আক্রান্ত যুবককে বাড়িতেই কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ছাড়াও বাড়ির অন্যদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতের পাশাপাশি মৃগিডাঙ্গা গ্রামটিকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, মাগুরায় ফেরার পরই ওই পরিবারটিকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হলেও এই কয়দিনে সে বেশকিছু মানুষের সংস্পর্শে এসেছে। ওই সব ব্যক্তিদের খুঁজে বের করে তাদেরকেও কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর