সোমবার, ১৩ Jul ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

কালিহাতীতে টর্নেডো, আহত ৫০

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের কালিহাতীতে মাত্র ১০ মিনিটের টর্নোডো আর শিলা বৃষ্টিতে অন্তত ১০ টি গ্রামের প্রায় পাঁচ একর ফসলি জমির ইরি ধানের ক্ষতি হয়েছে। বিধ্বস্ত হয়েছে প্রায় অর্ধশত ঘরবাড়ি। টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপর শতাধিক গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়েছে। আর এতে বিদ্যুৎ সংযোগ ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৫০ জন।

তাদের মধ্যে গুরুত্বর আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

আজ বুধবার (২২ এপ্রিল) বিকেল ৪ টার দিকে উপজেলার নারান্দিয়া ও বাংড়া ইউনিয়নে এই টর্নেডো আঘাত হানে।

স্থানীয়রা জানান, আজ বিকেল ৪টার দিকে হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে আসে। কোন কিছু বুঝে উঠার আগেই প্রচন্ড ঝড়ো হাওয়া শুরু হয়। সেই সঙ্গে শিলা বৃষ্টি। আর এই সামান্য সময়েই ক্ষতিগ্রস্থ হয় জমির পাকা ধান, ভেঙ্গে পড়ে গাছপালা, ক্ষতিগ্রস্থ হয় ঘরবাড়ি।

সামান্য সময়ের এই ঝড়ে উপজেলার বাংড়া ইউনিয়নের ইছাপুর, আইসরাবাড়ী, পাথালিয়া, বাঘুটিয়া, নারান্দিয়া ইউনিয়নের গড়িয়া, মালতি, পালিমা সহ বেশ কিছু গ্রামে এই টর্নেডো আঘাত আনে।

নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ি কৃষি কলেজের শিক্ষক বাদশা মিঞা জানান, শিলা বৃষ্টিতে ঘরিয়া চকের অন্তত ৫ একর জমির ইরি ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষেতের ধান মাটিতে মিশে গেছে। খড় ছাড়া কৃষকরা কিছুই ঘরে তুলতে পারবেন না।

ইছাপুর গ্রামের আ. খালেক জানান, ঝড়ে এই এলাকার ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের বাড়ির চাল উড়ে গেছে। গাছ ও বৈদ্যুতিক খুঁটি পড়ে কাঁচা ঘর ভেঙ্গে গেছে। রাস্তার পাশের দোকানগুলোর সব মালামাল নষ্ট হয়েছে। আহতও হয়েছে অনেক। ক্ষতিগ্রস্তদের ক্ষয়-ক্ষতি লাঘবের জন্য সরকারি সহায়তার দাবিও জানান তিনি।

এদিকে ঘটনার পর নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান শুকুর মাহমুদ ও বাংড়া ইউনিয়নের চেয়ারম্যান হাসমত আলী নেতা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।

এই ব্যাপারে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নিপা জানান, ক্ষতিগ্রস্থ এলাকার স্থানীয় চেয়ারম্যান ও কৃষি কর্মকর্তাদের এলাকা পরির্দশন করে ক্ষয়-ক্ষতির পরিমান ও ক্ষতিগ্রস্থদের তালিকা করতে বলা হয়েছে। তারা কালকের মধ্যে তালিকা আর ক্ষতির পরিমান জানাবে। তারপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে ঘাটাইল উপজেলারও বিভিন্ন এলাকায় একই সময়ে টর্নেডোতে ক্ষয়ক্ষতি হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com