সোমবার, ১৩ Jul ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সুনামগঞ্জের হাওরগুলোতে এখন ধান কাটার মৌসুম। ক’দিন আগেও করোনা সংকটের কারণে কৃষি শ্রমিক না-পাওয়ায় কৃষক ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। কৃষকের এই সংকটে পাশে দাঁড়িয়েছেন কৃষাণীরা। হাতে কাচি নিয়ে কৃষকের কাঁধে কাঁধ মিলিয়ে ধান কাটতে তারাও নেমে পড়েছেন ফসলের মাঠে।
প্রকৃতির বৈরী আবহাওয়ার আগেই দ্রুত ফসল ঘরে তুলতে হবে। যে কারণে পরিবারের ছোট ছোট সদস্যরাও এ কাজে সহযোগিতা করছেন। শুধু তাই নয়, এ সময় কৃষকের পাশে দাঁড়িয়েছেন জেলার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সরেজমিনে গত বুধবার দুপুরে জেলার তাহিরপুর উপজেলার শনির হাওরে গিয়ে দেখা যায় কৃষকের সঙ্গে কৃষাণীরাও সমান তালে ধান কাটছেন। অনেক কৃষাণী ধান আটি বাঁধা, ভ্যান গাড়িতে তুলে দেয়ারও কাজ করছেন।
কৃষাণী হোসনে আরা বেগম বলেন, হাওরে ধান পেকেছে, কিন্তু কাটার লোক নাই। এ সময় হাত গুটিয়ে ঘরে বসে থাকলে নিজেদেরই ক্ষতি। করোনার ভয়ে প্রশাসন মাইকিং করছে দ্রুত ধান কাটতে হবে। বন্যা এসে গেলে আরেক বিপদ! তাই নিজেদেরই ধান কাটতে হচ্ছে।
কৃষক আব্দুল মতিন বলেন, আমাদের একমাত্র বোরো ফসলের উপর নির্ভর করতে হয়। এই ফসল দিয়ে সারাবছর চলে। কৃষাণীরা মাঠে ধান কাটার পাশাপাশি ধান মারাই, শুকানো- সব হাওরেই করছে। আগাম বন্যা আসার কথা শুনেছি। তার আগেই ফসল ঘরে তুলতে হবে। এ কারণে সবাই মিলে কাজ করছি।
কৃষক হুমায়ুন কবির বলেন, ধানের ফলন এবার বাম্পার! কিন্তু সপ্তাহখানেক ঘুরেও ধান কাটার শ্রমিক পাচ্ছি না। এ সময় ঘরের মানুষদেরও হাত লাগাতে বলেছি। তাহিরপুর উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরাও গতকাল আমার ২ বিঘা জমির ধান কেটে দিয়েছেন। এভাবে সবাই যদি হাওরের ধান কাটতে এগিয়ে আসে তাহলে আগাম বন্যার হাত থেকে আমরা বেঁচে যাবো।
এ প্রসঙ্গে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সফর উদ্দিন বলেন, হাওরে শ্রমিক সংকট রয়েছে। আমাদের জেলায় কম্বাইন্ড হার্ভেস্টার ৮৩টি ও রিপার মেশিন ৮৬টি কাজ করছে। আগামী ২৬ এপ্রিল আগাম বন্যার আশঙ্কা রয়েছে। ফলে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি দ্রুত হাওরের ধান কাটার। কৃষাণীদের এগিয়ে আসায় সফর উদ্দিন সন্তোষ প্রকাশ করে বলেন, এভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।
এদিকে সদর উপজেলার ডাকুয়ার হাওর ও তাহিরপুর উপজেলার শনির হাওরে কৃৃষকদের ধান স্বেচ্ছায় কেটে দিচ্ছেন কৃষক লীগের নেতাকর্মীরা। এ কাজে সুনামগঞ্জ-সিলেট-এর সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামিমা শাহরিয়ার নেতৃত্ব দিচ্ছেন।
নগরকন্ঠ.কম/এআর