সোমবার, ১৩ Jul ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

কমলগঞ্জে কালবৈশাখী তাণ্ডবে ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কালবৈশাখী ঝড়ে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় মনির মিয়া (৪৫) এক নৈশ প্রহরী মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঝড়ে ১টি উচ্চ বিদ্যালয়সহ অর্ধ শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে।

ঝড়ে ৫ শতাধিক গাছ ভেঙ্গে পড়েছে। গাছ পড়ে ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ও তার ছিঁড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

বৃহস্পতিবার সাড়ে ১২টায় কমলগঞ্জ উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের সঙ্গে ভারী বর্ষণ ও শিলাবৃষ্টি হয়েছে।

ঝড়ের ফলে কমলগঞ্জ পৌরসভা, কমলগঞ্জ সদর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে ৫ শতাধিক গাছ ভেঙ্গে পড়েছে। কমলগঞ্জ পৌরসভার মকবুল আলী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন এলাকার অর্ধশতাধিক ঘরের চাল উড়ে গেছে। অনেকের ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ জানান, ঝড়ের সময় তার পৌরসভা কার্যালয়ের সামনের একটি করাত কলের নৈশ প্রহরী মনির মিয়া পাশের সেলিম মহালদারের একটি ঘরে আশ্রয় নেয়। এ সময় একটি মেহগনি গাছ তার ওপর ভেঙ্গে পড়লে সে গুরুতরভাবে আহত হলে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। মনির মিয়ার বাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামে।

তিনি আরও বলেন, ঝড়ের পর তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন কমপক্ষে ৫০টি ঘর বিধ্বস্ত হয়েছে। তার সঙ্গে ৫ শতাধিক গাছ ভেঙ্গে পড়েছে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের এজিএম (কম) ওবায়দুল হক বলেন, ঝড়ে অনেক স্থানের খুঁটি ভেঙ্গে, তার ছিঁরে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের সময় থেকে এ আঞ্চলিক কার্যালয়ের অধীন কমলগঞ্জ উপজেলা, কুলাউড়া ও রাজনগর উপজেলার একাংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com