সোমবার, ১৩ Jul ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

খাবারের টাকা বাঁচিয়ে দুস্থদের পাশে উদীচী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দেশব্যাপী ছড়িয়ে করোনা মোকাবিলায় এগিয়ে এসেছে দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন—উদীচী শিল্পীগোষ্ঠীও। নিজেদের সামর্থ্য অনুযায়ী সংগঠনটির সদস্যরা চাঁদা দিয়ে দুস্থদের মাছে ত্রাণ বিতরণ করছেন। দিচ্ছেন হ্যান্ড স্যানিটাইজার। আর এসব কার্যক্রম বাস্তবায়নের জন্য গঠন করা হয়েছে একটি ওয়ার্কিং কমিটিও।

করোনা মোকাবিলায় নিজেদের পদক্ষেপের কথা তুলে ধরলেন সংগঠনটির সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। তিনি বলেন, ‘উদীচী কার্যালয়ে প্রতিদিন হ্যান্ড স্যানিটাইজার তৈরি হচ্ছে। বিতরণও অব্যাহত রয়েছে। ইতোমধ্যে করোনা প্রতিরোধে দেশজুড়ে উদীচীর জেলা ও শাখাগুলো কার্যক্রম শুরু করেছে।’

জামসেদ আনোয়ার আরও বলেন, ‘রিকশাচালক, সাধারণ দিনমজুর ও ভাসমান মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিলি করছি আমরা। এর মাধ্যমে ভাইরাসটি সম্পর্কে তাদের সচেতন করে তুলছি। সাধারণ খেটে খাওয়া মানুষ যত দিন পথে থাকবে, তত দিন হ্যান্ড স্যানিটাইজার বিলিসহ সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবো।’

উদীচীর কোষাধ্যক্ষ পারভেজ মাহমুদ বলেন, ‘জরুরি পরিস্থিতিতে লকডাউন হলে কর্মহীন গৃহবন্দিদের দোরগোড়ায় খাবার পৌঁছে দেবে উদীচী।’ তিনি বলেন, ‘এখনও আমরা খাদ্যসামগ্রী বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছি।’

সংগঠনটির প্রচার সম্পাদক আরিফ নূর বলেন, ‘শ্রমজীবী মানুষের জন্য কাজ বাদ দিয়ে পরিবার পরিজন নিয়ে ঘরে থাকা কঠিন। তাই তাদের পাশে দাঁড়ানোর জন্য একদিনের খাবারের সমপরিমাণ টাকা কেন্দ্রীয় তহবিলে দিতে সদস্যদের বলা হয়েছে। প্রত্যেক সদস্যকে স্ব-স্ব জেলা বা শাখায় একদিনের খাবার খরচের সমপরিমাণ অর্থ জমা দিচ্ছেন। এই অর্থ দিয়ে করোনা মোকাবিলায় স্ব-স্ব অঞ্চলের দিনমজুর, খেটে খাওয়া মানুষের মাঝে খাবার সরবরাহ করা হবে। উদীচীর সদস্য ছাড়াও শুভানুধ্যায়ীরা এই তহবিলে অর্থ দিতে পারবেন।’

এদিকে, হাওর এলাকায় বোরো মৌসুমে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নের সঙ্গে উদীচীর সদস্যরাও কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করছেন। এই বিষয়ে সংগঠনের আবৃত্তি বিষয়ক মিজানুর রহমান সুমন আরেকজন সদস্য বলেন, ‘বিভিন্ন জায়গায় চিকিৎসাসেবায় সহযোগিতার জন্য আমাদের একটি স্বেচ্ছাসেবক টিম গঠনের কাজ চলছে।’ যাদের খাবার সংস্থান করার সুযোগ কম, তাদের জন্য উদীচী কাজ করছে বলেও তিনি জানান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com