সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

সেনবাগে চাল চুরি: দুই নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে দরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দ দেওয়া চাল চুরির দায়ে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার ও নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান সাজু এবং তার সহকারী উপজেলা আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেন খান।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নোয়াখালী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহিউদ্দিন টুকন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অসহায় মানুষের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেন খানকে সকল সংগঠনের সকল দায়িত্ব থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংগঠন থেকে বহিষ্কৃতদের বিরুদ্ধে গত ২১ এপ্রিল সেনবাগ থানায় মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে তাদেরকে জেলহাজতে পাঠায় সেনবাগ থানা পুলিশ।

গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবীপুর থেকে ওই দুজনকে আটক করা হয়।

সেদিন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম মজুমদার জানতে পারেন, হতদরিদ্রদের জন্য বরাদ্দ দেওয়া ১০ টাকা কেজি দরের চাল সুবিধাভোগীদের মধ্যে বিতরণ না করে বেশি দামে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করেছেন ডিলার মো. শাহজাহান ও তার সহযোগী ইসমাইল হোসেন। ওই খবরের ভিত্তিতে সন্ধ্যায় তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা এবং উপজেলা খাদ্য কর্মকর্তা অচিন্ত্য চাকমাকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে বলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য কর্মকর্তা নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামের আটটি বাড়িতে অভিযান চালিয়ে ১৫ বস্তা চাল উদ্ধার করেন।

অভিযানের পর সহকারী কমিশনার ক্ষেমালিকা চাকমা জানিয়েছিলেন, যেসব বাড়ি থেকে চালগুলো উদ্ধার করা হয়েছে, সেসব বাড়ির বাসিন্দাদের কেউই ১০ টাকা কেজির চালের সুবিধাভোগী ছিলেন না। তারা জানিয়েছেন, তারা ওই চালগুলো প্রতি বস্তা ৯০০-৯৫০ টাকা দরে ডিলার মো. শাহজাহান ও তার সহযোগী ইসমাইল হোসেনের কাছ থেকে কিনেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com