সোমবার, ১৩ Jul ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : স্বার্থান্বেষী একটি প্রভাবশালী মহল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্যস্ততম সাদিপুরের নয়াপুর সম্মেলন মাঠের কাঁচা বাজারকে অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
করোনার ঝুঁকিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের নতুন করে নির্ধারণ করা নয়াপুর মাঠের বাজারটি আবার পূর্বের জায়গায় নেয়ার জন্য প্রভাবশালী ওই মহলটি এখন সক্রিয়ভাবে কাজ করছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নির্ধারিত নয়াপুর মাঠের বাজারটি পুনরায় আগের জায়গায় নেয়া হলে স্বার্থান্বেষী মহলটি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা উত্তোলন করতে পারবে। তাই পূর্বের জায়গায় স্থানান্তর করতে তারা এখন উঠেপড়ে লেগেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নয়াপুর বাজারের কয়েকজন কাঁচামাল ব্যবসায়ী জানান, ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজার রাখার জন্য সাম্প্রতি সোনারগাঁ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নয়াপুর কাঁচাবাজার ও সাপ্তাহিক দুটি হাটকে নয়াপুর সম্মেলন মাঠে স্থানান্তর করা হয়।
প্রশাসনিক নজরদারি না থাকায় একটি স্বার্থান্বেষী মহল তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য বৃষ্টির পানি জমানো ও মুদি দোকানে ক্রেতা নেই- এ অজুহাতে কাঁচাবাজার ও হাটকে পূর্বের জায়গার কাছাকাছি একটি নিচু জায়গায় স্থানান্তর করার পাঁয়তারা চালাচ্ছে।
ব্যবসায়ীদের অভিযোগ, বর্ষা মৌসুমে নিচু জায়গায় পানি জমে গেলে ব্যবসায়ীরা বাধ্য হয়ে আগের উঁচু জায়গায় দোকান বসাবে। ফলে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে না।
ফলে মারাত্মক করোনা ঝুঁকিতে পড়বে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতারা। ব্যবসায়ীদের দাবি, কারো ব্যক্তিগত স্বার্থের দিকে না তাকিয়ে নয়াপুর সম্মেলন মাঠেই যেন সামাজিক দূরত্ব বজায় রেখে কাঁচাবাজার বহাল রাখা হয়।
তাছাড়া পূর্বের জায়গায় বাজার নিয়ে গেলে প্রভাবশালী মহলটি আবার নতুন করে বিভিন্ন অজুহাতে সব ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা উত্তোলন শুরু করবে।
এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, বৃষ্টির পানি জমে থাকার কারণে সাময়িকভাবে কাঁচাবাজার অন্যত্র স্থানান্তর করা যেতে পারে।
তবে, কারো স্বার্থ হাসিলের জন্য বা চাঁদা উত্তোলনের জন্য বাজার স্থানান্তর করতে দেয়া হবে না। করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নয়াপুর বাজারটি নয়াপুর সম্মেলন মাঠে স্থানান্তর করা হয়েছিল।
দেশের এই দুর্যোগময় মুহূর্তে হাট-বাজার নিয়ে কোন ষড়যন্ত্র করতে দেয়া হবে না। তিনি বলেন, সোমবার সরেজমিনে তদন্ত করে জনস্বার্থে নয়াপুর হাটের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
নগরকন্ঠ.কম/এআর