সোমবার, ১৩ Jul ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নারায়ণগঞ্জ কোভিড-১৯ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য নির্মাণাধিন ল্যাবে পিসিআর মেশিন এসে পৌঁছেছে।
এ মেশিনের একটি সেটাপের মাধ্যমে প্রতিদিন ৯৬টি নমুনার ফলাফল পাওয়া সম্ভব হবে। নারায়ণগঞ্জ করোনা (খানপুর ৩শ শয্যার হাসপাতাল) হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্ববধায়ক ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয় বলেন, বুধবার পিসিআর মেশিন এসে পৌছেছে।
এটি বৃহস্পতিবার স্থাপণ করা হবে। আমরা টেকনিশিয়ান পেলে আগামী ৩ মে’র মধ্যে এখানেই টেস্ট কার্যক্রম শুরু করতে পারবো। ইতোমধ্যে আমরা টেকনিশিয়ানের জন্য ডিজি মহোদয়কে জানিয়েছি।
তিনি আমাদের আশ্বস্ত করেছেন ব্যবস্থা হয়ে যাবে। তাই আমরা এ হাসপাতালে আশা করছি রোববার থেকে টেস্ট কার্যক্রম শুরু করতে পারবো।
ডা. সঞ্চয় জানান, প্রতিদিন এ মেশিনের একটি সেটাপের মাধ্যমে ৯৬টি টেস্ট করা সম্ভব হবে। এখন টেকনিশিয়ান পেলে কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, আমরা খুব দ্রুতই এ হাসপাতালে আইসিইউ ইউনিটের কার্যক্রম শুরু করবো। ইতোমধ্যে আইসিইউ ইউনিটের ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
নগরকন্ঠ.কম/এআর