সোমবার, ১৩ Jul ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাইবান্ধা জেলা সদর হাসপাতালের একজন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) করোনা আক্রান্ত হয়েছেন। এর পর প্যাথলজি ও বহির্বিভাগ গত বুধবার সন্ধ্যায় লকডাউন ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনাক্ত হওয়া ওই টেকনোলজিস্টকে আইসোলেশন হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে প্যাথলজি বিভাগের আরও চারজনকে। করোনা শনাক্ত হওয়া ওই ব্যক্তির বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায়।
প্যাথলজি বিভাগ ও বহির্বিভাগ লকডাউন হওয়ায় বৃহস্পতিবার থেকে বহির্বিভাগ সেবা জরুরি বিভাগের ব্লকে নেয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
জানা গেছে, এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে যারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে যেত তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছিল প্যাথলজি বিভাগে। পরে এ সব নমুনা সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে পাঠানো হতো রংপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তের পিসিআর ল্যাবে। আর এ কাজে যুক্ত ছিলেন প্যাথলজি বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) তিনজন, ল্যাব অ্যাটেনডেন্ট একজন ও এমএলএসএস একজন।
সম্প্রতি এক মেডিকেল টেকনোলজিস্টের করোনার উপসর্গ কাশি দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে করোনা পরীক্ষা করে তার করোনা শনাক্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহফুজার রহমান জানান, প্যাথলজি বিভাগের একজনের করোনা শনাক্ত হওয়ায় তার ৪ সহকর্মীকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আপাতত কয়েকদিন প্যাথলজি বিভাগ বন্ধ থাকবে।
নগরকন্ঠ.কম/এআর