রবিবার, ১২ Jul ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

নড়াইলে ৫ পুলিশকে মারপিট করে আসামি ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নড়াইলের লোহাগড়ায় পাঁচ পুলিশ সদস্যকে মারপিট করে অপহরণ মামলার পলাতক আসামি জাহিদ শেখকে (৪১) ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার তালবাড়িয়া গ্রামে পুলিশের ওপর এ হামলা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় লোহাগড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কবির হোসাইন ও (এএসআই) তুহিনসহ কনস্টেবল জয় দাস, সাইফুল ও রকি আহত হয়েছেন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, তালবাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম ডাকু শেখের ছেলে জাহিদ দিঘলিয়া এলাকার একটি অপহরণ মামলার পলাতক আসামি। বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর জাহিদকে পুলিশের গাড়িতে উঠানোর সময় তার (জাহিদ) পরিবার-পরিজনসহ এলাকার প্রায় ২০০ নারী-পুরুষ ইট, লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। একপর্যায়ে আসামি জাহিদকে ছিনিয়ে নেয়। খবর পেয়ে লোহাগড়া থানা থেকে আরো পুলিশ গিয়ে সহকর্মীদের উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ছিনিয়ে নেয়া আসামি জাহিদসহ পুলিশের ওপর হামলাকারী আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com