রবিবার, ১২ Jul ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে ১০ মের পর মোবাইল কোর্ট: এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : এডিস মশা নিধনে ভবনের ভেতরে ও বাইরে জমে থাকা পানি অপসারণ নিশ্চিত করতে আগামী ১০ মে’র পর থেকে মোবাইল কোর্ট পরিচালনা শুরু করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার রাজধানীর কাওরান বাজারে ঢাকা ওয়াসা ভবনে ডেঙ্গু প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বাসা-বাড়ি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভবন বা চত্বরে মশার বংশবিস্তারে সক্ষম পরিবেশ পরিলক্ষিত হলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হবে।

তিনি বলেন, জমে থাকা পানিতে এডিস মশা সহজেই বংশবিস্তার করতে পারে। কাজেই বাসাবাড়ি, বেসরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদ, বাথরুমের কমোডসহ নির্মাণাধীন স্থাপনার বিভিন্ন জায়গায় পানি জমে থাকলে তা নিজ নিজ উদ্যোগে পরিষ্কার করতে হবে। সরকারি ভবনগুলোতে গণপূর্ত মন্ত্রণালয় এ ব্যাপারে কাজ করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকার দুই সিটি কর্পোরেশনের কাছে মশা নিধনে এক বছরের ওষুধ মজুদ আছে।

এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক রোয়েনা আজিজ, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com