রবিবার, ১২ Jul ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

তালায় প্রথম করোনা রোগী শনাক্ত, ১০ বাড়ি লকডাউন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সাতক্ষীরার তালা উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই রোগী (৩৫) উপজেলার নগরঘাটা ইউনিয়নের কাপাসডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি বে-সরকারি সংস্থা ঋশিল্পীতে হ্যান্ডিক্রাফটের প্রডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত। করোনা ভাইরাসে আক্রান্ত ওই রোগী বর্তমানে নিজ বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। রোগীর বাড়িসহ আশেপাশের ১০ টি বাড়ি লকডাউন করা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মেহেদী নেওয়াজ বৃহস্পতিবার সন্ধ্যার পর বিষয়টি নিশ্চিত করেন।

করোনা ভাইরাসে আক্রান্ত ওই যুবক বলেন, গত ৭-৮ দিন আগে সাতক্ষীরা শহরের সুলতানপুর ও ভোমরা ইউনিয়নের আলীপুর এলাকায় সংস্থার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছি। গত মঙ্গলবার থেকে একটু মাথা ব্যথা করছিল। এরপর গত ২৮ এপ্রিল তালা উপজেলার কুমিরা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে শরীরের নমুনা দিয়ে আসি। উক্ত নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। এরপর থেকে আর কোথাও যাইনি, বাড়িতেই রয়েছি।

তিনি জানান, বর্তমানে শরীরের তাপমাত্রা ৯৮ ডিগ্রি। বুধবার থেকে জ্বর নেই। হালকা সর্দি আছে। গায়ে ব্যথা নেই। নমুনা দিয়ে আসার পর থেকে বাড়িতে আলাদা রয়েছি। স্ত্রী-সন্তানসহ পরিবারের কারো সংস্পর্শে যাইনি। কিছুক্ষণ আগে ইউনিয়নের স্বাস্থ্যকর্মী ফোন করে জানিয়েছে, আমার শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত বলেন, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর করোনা রিপোর্ট পজেটিভ ধরা পড়ে।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার জানান, হাসপাতাল থেকে একজন ডাক্তার এবং পাটকেলঘাটা থানার ওসি’র সমন্বয়ে একটি টিম তাৎক্ষণিক আক্রান্ত রোগীর বাড়িতে গিয়ে তার বাড়িসহ আশেপাশের ১০ টি বাড়ি লকডাউন করেছে। এছাড়া নিরাপদ দূরত্ব বজায় রেখে রোগী এবং তার আত্মীয়-স্বজনকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।

তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনায় আক্রান্ত ঐ ব্যক্তির বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com