রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জে আনসার ভিডিপির ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনার হটস্টপ নারায়ণগঞ্জে মানবতার ফেরিওয়ালা হয়ে মানুষের সেবা করে যাচ্ছেন আনসার ভিডিপির সদস্যরা।

এ বাহিনীর সদস্যরা নারায়ণগঞ্জে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই প্রত্যন্ত অঞ্চল ও নগরীতে জনগণকে সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান, ঘরে থাকা ও সরকারি বিধিনিষেধ মেনে চলতে মাইকিং করে সচেতন করে আসছেন।

হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে বিদেশফেরতদের বাড়িতে লাল পতাকা টাঙানোসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে। শুধু তাই নয়, এবার তারা দুস্থ আনসার ভিডিপির সদস্যদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন।

শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৩০০ দু:স্থ ও অসহায় আনসার ভিডিপি সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণ বিতরণ করা হয়। আনসার ভিডিপির মহা পরিচালকের দেয়া ত্রাণ সামগ্রী সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার অজিত কুমার দাস বিতরণ করেন।

নারায়ণগঞ্জ সদর আনসার ভিডিপি কমিটির মাধ্যমে দেয়া এসব ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- জনপ্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১টি সাবান ও ১টি মাস্ক।

এ বিষয়ে সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার অজিত কুমার দাস বলেন, অনেক আগেই নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করা হয়েছে। প্রতিনিয়ত এখানে বাড়ছে করোনা রোগীর সংখ্যা এবং কোভিড-১৯ রোগে মারাও গেছে অনেক। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও শুধু সারারণ মাস্ক ও হ্যান্ডগ্লাভস পড়ে নারায়ণগঞ্জ আনসার ভিডিপি সদস্যরা অত্যান্ত সাহসের সঙ্গে প্রতিটি পাড়া-মহল্লায় তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। একই সঙ্গে উপজেলা প্রশাসনকেও সহযোগিতা করছেন।

তিনি আরও বলেন, দেশে যে কোনো প্রয়োজনে আমরা তথা আনসার ভিডিপির সদস্যরা মানুষের পাশে ছিলাম আছি এবং থাকবো। এতে যদি আমাদের প্রাণও দিতে হয়, তাতেও আমরা পরোয়া করি না। কেননা, আমরা মনে করি দেশের জন্য আমরা সবাই যুদ্ধে নেমেছি। আমাদেরকে করোনাযুদ্ধে জয়ী হতেই হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক খাইরুল আলম, কম্পানি কমান্ডার আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ডের দলনেতারা

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com