রবিবার, ১২ Jul ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

পুলিশের তল্লাশি শিথিল থাকায় ঢাকার প্রবেশপথে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনার প্রাদুর্ভাবে দূরপাল্লার বাস ও গণপরিবহন বন্ধ থাকলেও ভেঙে ভেঙে ভিন্ন যানবাহনে করে রাজধানীতে ফিরছে দেশের নানা প্রান্তের মানুষ। প্রবেশ পথগুলোতে পুলিশের তল্লাশি কিছুটা শিথিল থাকায় সহজেই ঢাকায় প্রবেশ করছে মানুষ।

করোনা ভাইরাস রোধে ২৬ মার্চ থেকে সবধরনের গণপরিবহন বন্ধ করে সরকার। সরকারি অফিস না খুললেও গার্মেন্টস ও বেসরকারি কিছু প্রতিষ্ঠান খোলায় গত কয়েকদিন ধরেই ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে।

শনিবার রাজধানীর গাবতলী, আব্দুল্লাহপুর ও চিটাগং রোড ঘুরে দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীতে প্রবেশ করছে মানুষ। প্রবেশ পথের তল্লাশি চৌকিতেও পুলিশের তৎপরতা কম। কেউ মোটরসাইকেল, কেউবা লেগুনা-সিএনজিতেও করে অনায়াসে রাজধানীতে প্রবেশ করছে।

রাজধানীর প্রবেশ পথে আসার আগেই লোকজনকে নামিয়ে দেয় ট্রাক, মিনি ট্রাক ও লেগুনাগুলো। সেখান থেকে পিকআপ ও সিএনজি অটোরিকশায় করে রাজধানীতে প্রবেশ করছেন তারা। পোশাক কারখানার শ্রমিকসহ নানা কাজে এসব লোকজন ঢাকায় আসছে।

আরো পড়ুন : করোনায় অধিক সংখ্যক পুলিশ সদস্যের আক্রান্তের আশঙ্কা

পুলিশ সদর দফতর সূত্র জানায়, এ পর্যন্ত পুলিশের শতাধিক সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। এ কারণে শনিবার রাজধানীর প্রবেশপথগুলোতে পুলিশের তৎপরতা অনেকটা কম।

শ্রমিকরা জানান, গার্মেন্টস খোলা। আগেই ঢাকায় যেতে গার্মেন্টস থেকে বলা হয়েছে। এ কারণে করোনার ভয় নিয়ে কষ্ট করেই রওনা হয়েছেন তারা। যেতে না পারলে চাকরি চলে যাবে।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সাদ হাম্মাদ বলেন, অফিস সীমিত পরিসরে খুলেছে। তাই করোনা উপেক্ষা করেই রাজধানীতে ফিরছি। পোশাক শ্রমিক শেখ জামাল বলেন, কারখানা খুলেছে, তাই রাজধানীতে ফিরতে বাধ্য হলাম।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com