রবিবার, ১২ Jul ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনার কারণে সদস্য আইনজীবীদের জ্যেষ্ঠতার ভিত্তিতে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
রোববার (০৩ মে) সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০০ সাল বা তার আগে সমিতিতে তালিকাভুক্ত সদস্যদের মধ্যে এককালীন ৭৫ হাজার টাকা, ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ৫০ হাজার টাকা, ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ৪০ হাজার টাকা এবং ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তালিকাভুক্ত সদস্যদের এককালীন ৩০ হাজার টাকার সুদমুক্ত ঋণ দেয়ার সিদ্ধান্ত হয়।
ঋণগ্রহণকারী সদস্যরা ৫ কিস্তিতে (২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত) ঋণ শোধ করবেন। কিস্তি পরিশোধে ব্যর্থ হলে মোট ঋণের ওপর ৯ শতাংশ হারে অতিরিক্ত অর্থ দিতে হবে। আর ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে সমুদয় অর্থ পরিশোধ করা না হলে তার সদস্যপদ স্থগিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পরে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, ঋণের জন্য আবেদনকারী আইনজীবীদের স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্টে আগামী বৃহস্পতিবার থেকে পর্যায়ক্রমে টাকা চলে যাবে।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে নিজেদের সদস্যদের ঋণ দেয়ার জন্য ১৫ এপ্রিল সিদ্ধান্ত নিয়েছিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ আবেদনের সমসয়সীমা ছিলো ২৫ এপ্রিল পর্যন্ত। প্রায় ১০ হাজার সদস্যের মধ্যে দুই হাজার ৮০০ এর মতো সদস্য এ ঋণের জন্য আবেদন করেছেন।
নগরকন্ঠ.কম/এআর