রবিবার, ১২ Jul ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম নগরের সড়ক, অলি-গলিতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর টহলের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
রোববার (৩ মে) নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি নির্দেশনা না মানা ব্যক্তিদের ৪৫ মামলায় ৫১ হাজার ৩০০ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর পাঁচলাইশ, খুলশী, বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, ব্যক্তিগত সুরক্ষা ব্যবহারসহ বাজারের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ মামলায় ৭ হাজার ৮০০ টাকা জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর নগরের বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ মামলায় ১ হাজার ৩০০ টাকা জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান চকবাজার, বাকলিয়া, সদরঘাট ও কোতোয়ালী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি ৫ মামলায় ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী পাহাড়তলী, আকবরশাহ, হালিশহর ও ডবলমুরিং এলাকায় করোনা ভাইরাসজনিত প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি ৮ মামলায় ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
কোতায়ালী ও সদরঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। তিনি ১৬ মামলায় ১৬ হাজার ১০০ টাকা জরিমানা করেন। এছাড়া ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিন ৫ মামলায় ৩ হাজার ১০০ টাকা জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট আশিক-উর -রহমান, নগরের আকবর শাহ, হালিশহর, পাহাড়তলী এবং ডবলমুরিং এলাকায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও বাজার মনিটরিং করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও ভোগ্যপণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে ৩ মামলায় ৩ হাজার টাকা জরিমানা করেন তিনি।
নগরকন্ঠ.কম/এআর