রবিবার, ১২ Jul ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের কারণে সারাদেশে চলছে সাধারণ ছুটি। এই সময়ে বিপাকে পড়েছেন দৈনিক খেটে খাওয়া মানুষেরা। সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও এই মহামারিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
এসব মানুষের পাশে দাঁড়িয়েছে শিবগঞ্জের ‘বিসর্গ ফোরাম’ নামের একটি সমাজসেবী সংগঠন। এই করোনা মহামারিতে সংগঠনের সদস্যরা প্রতিদিন নিরলস কাজ করে যাচ্ছে।
শিবগঞ্জের কয়েক জন কঠোর পরিশ্রমী ও উদ্যমী যুবক ২০১৮ সালে প্রতিষ্ঠা করে ‘বিসর্গ ফোরাম’ নামের এই স্বেচ্ছাসেবী সংগঠন। শুরু থেকেই সংগঠনটির সদস্যরা নিজেদের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষদের সহযোগিতা করে আসছে।
করোনা সংক্রমণের শুরু থেকেই তারা রাস্তায় রাস্তায় জীবাণু নাশক স্প্রে করছে। মানুষকে সচেতন করে চলেছে। মাস্ক বিতরণ করছে।ইনজ উদ্যোগেই তারা অসহায় মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে।
বিসর্গ ফোরাম-এর পরিকল্পনাকারী ও প্রধান সমন্বয়ক ফাইয়াজ রহমান তনয় জানান, অসহায় মানুষদের সাহায্যার্থে কাজ করার লক্ষ্যে ‘বিসর্গ ফোরাম’ এর যাত্রা শুরু। সমাজের অবহেলিতদের সহযোগিতা করার জন্যই আমাদের একঝাঁক স্বেচ্ছাসেবী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। নানান প্রতিবন্ধকতা ও আর্থিক অসংগতি থাকা সত্ত্বেও আমরা অসহায়দের পাশে দাঁড়াতে পারছি– এটাই ‘বিসর্গ ফোরাম’ পরিবারের জন্য অনেক আনন্দের।
এ সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ৫০ জন। তারা প্রত্যেকেই উদার মনোভাব নিয়ে কাজ করে চলেছে।
তিনি বলেন, ‘রোজার সময় শিবগঞ্জের ইসরাইল মোড়, রসুলপুর, শেখটলা, তর্তীপুর, কারবালা মোড়, শিবগঞ্জ বাজার, কোর্ট বাজার,ভাঙ্গাব্রিজ ইত্যাদি স্থানসহ প্রধান প্রধান সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ, ভ্যানচালক, রিকশাচালক, দিনমজুর ও ভবঘুরে সাধারণ মানুষদের মাঝে ইফতারের খাবার পৌঁছে দিয়েছি। এছাড়াও এখন পর্যন্তু প্রায় ৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি।’
সদস্য সাইমুন ইসলাম সাদাব বলেন, ‘আমরা সদস্যরা নিজেদের অর্থায়নে অসহায়দের জন্যে কাজ করে যাচ্ছি। যদি কেউ ব্যক্তিগতভাবে আমাদের মাধ্যমে অসহায়দের পাশে দাঁড়াতে চান, আমরা আনন্দ নিয়ে তার পক্ষে সেই কাজটা করে দেব।’
নগরকন্ঠ.কম/এআর