রবিবার, ১২ Jul ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

মাদক ব্যাবসায় বাধা দেয়ায় সোনারগাঁয়ে যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মাদক ব্যাবসায় বাধা দেয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভাগলপুর গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা ঐতিহ্যবাহী পাঁচপীর দরগাহ মসজিদের রক্ষণাবেক্ষণকারী যুবক আল- মাহবুবকে (৪০) পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গুরুতর আহত আল মাহবুবকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাগলপুর গ্রামে গত রোববার মাদক বিক্রিতে বাধা দেয়ায় মাধবপুর এলাকার সোলয়মানকে (৩০) পিটিয়ে আহত করে স্থানীয় ভৈরবদী এলাকার মাদক ব্যবসায়ী ওমর ফয়সাল ওরফে সুমন।

এই ঘটনা দেখে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ও মোগরাপাড়া ইউপির চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুকে অবহিত করে বিচার দাবি করেন ওই এলাকার নিরীহ যুবক আল মাহবুব।

এই ঘটনা জানতে পেরে ওইদিন বিকালে মাদক ব্যবসায়ী ওমর ফয়সাল ওরফে সুমনের নেতৃত্বে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী সম্পূর্ণ পরিকল্পিতভাবে পাঁচপীর দরগা মসজিদ এলাকায় আল মাহবুবের ওপর দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।

এসময় হামলাকারীরা তাকে পিটিয়ে আহত করে ও হত্যার চেষ্টা চালায়। পরে এলাকাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে ভর্তি করে। এই ঘটনায় মঙ্গলবার বিকালে আহত আল মাহবুব বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আহত আল মাহবুব জানান, ওমর ফয়সাল ওরফে সুমন স্থানীয় ভৈরবদী এলাকায় ২০/২৫ জনের একটি সিন্ডিকেট তৈরি করে মাদক ব্যবসা পরিচালনা করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। তার অপকর্মের প্রতিবাদ করায় তার সন্ত্রাসী বাহিনী তাকে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে।

সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির জানান, হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। এটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com