রবিবার, ১২ Jul ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

আহসান উল্লাহ মাস্টারের ১৬ তম শাহাদাৎ বার্ষিকী কাল

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আগামীকাল (৭ মে) গাজীপুরের প্রায়ত সংসদ সদস্য ও প্রখ্যাত শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের ১৬ তম শাহাদাৎ বার্ষিকী।

দিবসটি উপলক্ষে সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দরাবাদ গ্রামে আহসান উল্লাহ মাস্টারের কবরে পরিবারের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন, পবিত্র কোরআনখানি, কালোব্যাচ ধারণ, মিলাদ ও দোয়া মাহফিল ও ইফতার বিতরণের কর্মসুচি গ্রহণ করা হয়েছে।

বুধবার (৬ মে) শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আতাউর রহমান এ সব তথ্য জানান।

তিনি জানান, দিবসটি উপলক্ষে বুধবার ও মঙ্গলবার শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশন ও শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদের পক্ষ থেকে গাজীপুরের কর্মহীন ও বিভিন্ন পেশাজীবীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আহসান উল্যাহ মষ্টারের ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বুধবার পূবাইল, টঙ্গী এবং গাজীপুরের বিভিন্ন স্থানে শ্রমজীবী ও পেশাজীবীসহ ১০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

তিনি আরো জানান, আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ (গাজীপুর সদর-টঙ্গী) আসন হতে দুইবার (১৯৯৬ ও ২০০১ সালে) সংসদ সদস্য, ১৯৯০ সালে গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং ১৯৮৩ ও ১৯৮৭ সালে দুইবার স্থানীয় পূবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও সাধারণ সস্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০০৪ সালের ৭ মে বিএনপি-জামায়াত জোট সরকারের মদদ পুষ্ট একদল সন্ত্রাসী টঙ্গীস্থ নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রকাশ্যে দিবালোকে আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে। পরে ২০০৫ সালের ১৬ মে এই মামলার রায়ে ২২ জনের ফাঁসি ও ৬ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ হয়। ২০১৬ সালের ১৫ জুন হাইকোর্ট ডিভিশন আসামীদের ডেথ রেফারেন্স, জেল আপীল ও আবেদনের শুনাণি শেষে ৬ জনের মৃত্যুদন্ড বহাল এবং ৮ জনের যাবজ্জীবন বহাল রেখে ১১ জনকে খালাস দেন। বিচার চলাকালে ২জন আসামী মারা যায়। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত একজন পলাতক আসামীর আপিল না থাকায় তার ব্যাপারে আদালত পূর্বের রায় বহাল রাখেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com