রবিবার, ১২ Jul ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

ঈদের আগে খুলছে না সিলেটের ‘ফ্যাশন হাউস পাড়া’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সরকার আগামী ১০ মে থেকে শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেও ঈদের আগে খুলছে না সিলেটের ‘ফ্যাশন হাউস পাড়া’ খ্যাত নয়াসড়ক এলাকার কোনো দোকান। করোনা বিস্তার রোধে ওই এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দ বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে তারা সরকারের শপিং মল খুলে দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেলে জরুরি বৈঠকে বসেন নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। সামাজিক দূরত্ব বজায় রেখে এ সভার আয়োজন করা হয়। ঈদ বাজারে শপিং মলে ভিড়ে ব্যাপকভাবে করোনাভাইরাস সংক্রমিত হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এই আশঙ্কা থেকেই ঈদের আগে ওই এলাকার দোকানগুলো না খোলার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী নেতারা।

ফ্যাশন হাউস সেইলর, ল্যারিভ, পাপাই, গ্রামীণ চেক, মাহা, শী, কমলাভাণ্ডার, শৈল্পিক, মাম্মি, নারী, রমণী, কাশিষ, এডিশনসহ ৪৩টি অভিজাত ফ্যাশন হাউস নয়াসড়ক এলাকায় অবস্থিত। এছাড়া, আটটি বিউটি পার্লারও রয়েছে। ঈদের সময় এ এলাকায় প্রচুর ভিড় হয়।

নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ বলেন, ‘সরকারের পক্ষ থেকে ১০ মে থেকে সীমিত আকারে দোকান খোলা রাখার অনুমতি দেয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে ক্রেতা-বিক্রেতা সকলের নিরাপত্তার কথা চিন্তা করেই দোকানপাট না খোলার সিদ্ধান্ত নিয়েছি। এ কারণে পুরো রমজান মাস দোকান বন্ধ থাকবে।’

অ্যাসোসিয়শনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন, ‘ব্যবসায়ীদের সীমাবদ্ধতা ও দায়ভার আছে সমাজের প্রতি। এ দায়ভার থেকেই ব্যবসায়ীরা বসে দোকান না খোলার সিদ্ধান্ত নিয়েছি। দেশ বাঁচলেই ব্যবসা করতে পারব। এজন্য সবাই মিলেই এ সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি ভালো হলে আগামীতে বসে নতুন সিদ্ধান্ত নেয়া হবে।’

একই সঙ্গে তাদের মতো সিলেটের অন্য ব্যবসায়ী সমিতির নেতাদেরও করোনার এই পরিস্থিতিতে দোকান বন্ধ রাখার অনুরোধও জানান তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com