রবিবার, ১২ Jul ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুড়িগ্রামে একটি থানার অফিসার ইনচার্জ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের কুয়েত পল্লী গ্রামের এক নারীসহ তিনজন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের এক ওয়ার্ড বয় ও ক্লিনার করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া, জেলার ভূরুঙ্গামারী উপজেলায় তিনজন, ফুলবাড়ী থানার ওসিসহ দুইজনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান জানান, করোনায় আক্রান্ত ওসি এখন ভালো আছেন। তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, তার গাড়ি চালকসহ আরও তিনজনকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে।
অন্যদিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাকিরুল ইসলাম জানান, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দায়িত্ব পালন করা এক ওয়ার্ড বয় ও একজন ক্লিনারের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তবে তাদের কোনো উপসর্গ নেই। নিয়মিত ডিউটি শেষে রুটিন চেকআপে নমুনা পরীক্ষার ফলাফলে তাদের করনো পজেটিভ আসে। তাদেরকে আইসোলেশনে রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ নিয়ে জেলায় মোট ৩২ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।
নগরকন্ঠ.কম/এআর