রবিবার, ১২ Jul ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

নোয়াখালীতে ১৬ বস্তা চাল উদ্ধার, ইউপি সদস্যসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জেলেদের মাঝে বিতরণ না করে সরকারি চাল মজুত করার অপরাধে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার এক ইউনিয়ন পরিষদের সদস্যসহ দুইজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার চরকিং ইউনিয়নে অভিযান চালিয়ে ইউপি সদস্য ইকবাল হোসেন (৩৭) ও ব্যবসায়ী মো. ইউছুফ আলী (৩২) কে আটক করা হয়। এ সময় সরকারি ১৬ বস্তা চাল উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৮০০ কেজি চাল রয়েছে।

চরকিং জনতা বাজারে এই অভিযান পরিচালনা করেন হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার সালাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ৩২২ জন জেলের জন্য ৪০ কেজি করে বরাদ্দকৃত চাল বিতরণ না করে ইউপি সদস্য ইকবাল হোসেন আত্মসাতের উদ্দেশ্যে জনতা বাজারে ইউছুফের দোকানে এনে মজুত করেন। গোপনে সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

এ সময় দোকান থেকে চাল উদ্ধার এবং দোকানের মালিক ইউছুফ, তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইকবালকে আটক করা হয়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে চালগুলো উপজেলা পরিষদে রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com