রবিবার, ১২ Jul ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

অসহায়-কর্মহীনদের খোঁজে ছুটছেন এমপি ফিরোজ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : প্রাণঘাতি করোনাভাইরাসে নিজে সংক্রমণ হওয়ার ভয় উপেক্ষা করে নির্বাচনী এলাকার মানুষ কেমন আছেন এই সেটা জানতে মোটরসাইকেল নিয়ে ছুটে বেড়াচ্ছেন তিনি। ঘরবন্দি কর্মহীন, অসহায়, দুস্থ, দরিদ্র-হতদরিদ্র এবং মধ্যবিত্ত আয়ের মানুষগুলোর খোঁজখবর নিচ্ছেন। তার সঙ্গে তৎপর রয়েছে ত্রাণ টিম। মোবাইলে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে ত্রাণ টিম ছুটে যাচ্ছে সেই বাড়িতে। পৌঁছে দিচ্ছে খাদ্য সামগ্রী।

পাবনা-২ আসনের সংসদ সদস্য ও ডাক, তার ও টেলিযোগাযোগ এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির এমন তৎপরতা চালাচ্ছেন। যা দল ও সাধারণ মানুষ প্রশংসা করছে।করোনা দূর্গত মানুষের পাশে থাকতে এমনই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি। এছাড়াও তিনি স্বেচ্ছাসেবক টিম গঠন, বিভিন্ন জায়গায় সামাজিক তহবিল গঠন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়িক শ্রেণির সঙ্গে বৈঠক ও নিয়মিত মনিটরিং অব্যাহত রেখেছেন।

সুজানগর উপজেলার নাজিরগঞ্জের মোহনপুর গ্রামের বয়স্ক নারী রিজিয়া বেগম, সেলিনা খাতুন, পঁচাত্তর বছরের ওহাব সরদার, সত্তর বছরের আজিম উদ্দিন মন্ডল বলেন, ‘ভোট যহন আসে, তহন চিয়ারমেন, মেম্বররা আসে ভোট চাইবের। ভোট চইলে গেলি সব ভুলে যায় তারা। কিন্তুক আমাগারে এমপি সাহেব ভয় না কইরে মাইনষের খোঁজ লিচ্ছে, খাবার দিচ্ছে। হোন্ডা লিয়ে বাড়িত বাড়িত ঘুরতিছে আর যার লাগবি খাবার দিচ্ছে। আমরা এম্বা এমপিই চাই। যে আমাগারে দুককুর কতা বুইঝবের পারে।’

এ বিষয়ে এমপি আহমেদ ফিরোজ কবির বলেন, জনগণের ভোটেই জনপ্রতিনিধি হওয়া যায়। জনগণকে বাদ দিয়ে কিছু করাটা জনপ্রতিনিধির কাজ নয়। যাদের ভোটে নির্বাচিত হয়েছি। তাদের খোঁজখবর রাখাটা আমার নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। প্রয়াত সাংসদ আমার বাবা আহমেদ তফিজ উদ্দিনের কাছ থেকে এই শিক্ষাই পেয়েছি।

আহমেদ ফিরোজ কবির বলেন, করোনা দূর্যোগ মোকাবিলা আমাদের সবাইকে করতে হবে। এ জন্য সামাজিক দুরত্ব বজায় রেখে, ঘর থেকে বের না হয়ে, সুরক্ষা নিশ্চিত করতে হবে। এর বিপরীতে গেলেই আমাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবো ঘরে, পরিবারে। পাড়া-মহল্লায়। তিনি বলেন, এলাকা এলাকা ঘুরছি। সাধারণ মানুষকে সচেতন করছি। অপরিচিত লোকজন যেন এলাকায় ঢুকতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে আহবান জানাচ্ছি।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ না খেয়ে থাকে সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজনের চেয়েও অতিরিক্ত ত্রাণ সহায়তা বরাদ্দ দিয়েছেন। এগুলো সুষ্ঠুভাবে সঠিক মানুষের ঘরে পৌঁছাচ্ছে কিনা সেটা আমাকে, আপনাকেই দেখতে হবে। অসৎ, দূর্নীতিপরায়ন, অসাধুদের ধরিয়ে দিতে হবে আইনের কাছে। কর্মহীন, দরিদ্র-হতদরিদ্র, দুস্থ, অসহায় মানুষের জন্য ত্রাণ সহায়তা অব্যাহত আছে। কেউ না খেয়ে থাকবে না।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com