রবিবার, ১২ Jul ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

মাদারীপুরে বানর হত্যা: এক নারী গ্রেপ্তার, দোষ স্বীকার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় বানর হত্যার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে ওই নারী বানর হত্যার কথা স্বীকার করলে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার ওই নারীকে দেবরসহ আটক করা হলেও স্বীকারোক্তির পর দেবরকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, মাদারীপর সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় সম্প্রতি ১৬টি বানরকে বিষ প্রয়োগ করে হত্যা করে দুস্কৃতকারীরা। পরে এই ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে মাদারীপুর সদর থানায় বানর হত্যার অভিযোগ একটি মামলা দায়ের করা হয়। এছাড়াও ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে মাদারীপুর জেলা প্রশাসক।

এই ঘটনায় শনিবার গভীর রাতে মাদারীপুর সদর উপজেলার মধ্য খাগদী এলাকা থেকে লতু হাওলাদারের স্ত্রী শাহানা বেগম ও আজিজ হাওলাদারের ছেলে আকু হাওলাদারকে আটক করে পুলিশ। আটককৃতরা সম্পর্কে দেবর-ভাবি। পরে শাহানা দোষ স্বীকার করে।

এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, ‘বানর হত্যার ঘটনায় সদর থানায় মামলা হলে সন্দেহজন দুইজনকে আটক করি। এদের মধ্যে শাহানা বেগম নামে এক নারী বানর হত্যার কথা স্বীকার করেন। তিনি জানিয়েছেন, খাবারের সঙ্গে বিষ দিয়েছিল বানরগুলোকে। এতেই মারা গেছে। তবে কোন ধরনের বিষ সেটা জানা সম্ভব হয়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে। তবে তার দেবর দোষী না হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com