রবিবার, ১২ Jul ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

টুইস্ট করে রাজনৈতিক প্রপাগান্ডা চালানো অপরাধ: ফখরুলকে কাদের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ত্রাণ বিতরণে অনিয়ম নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যে ভুল তথ্য তুলে ধরা হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেছেন– রিলিফ কাজে অস্বচ্ছ কিছু হলে প্রকৃত সত্য তুলে না ধরে সেটি টুইস্ট করে রাজনৈতিক প্রপাগান্ডা হিসেবে প্রচার করা নিশ্চয়ই অপরাধ।

রোববার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শনিবার বিএনপি চেয়ারপাসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ করেন।

এর জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল ইসলামের বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি তৈরির অপকৌশল মাত্র। সরকারের সমালোচনার নামে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হীনকৌশল অবলম্বন করে যাচ্ছে বিএনপি। মির্জা ফখরুলের বক্তব্য তারই ধারবাহিকতা মাত্র।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। তবে সত্যতা যাচাই না করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপকৌশল সমর্থনযোগ্য নয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই দুর্যোগের সময়ে প্রয়োজন সবার ঐক্যবদ্ধ প্রয়াস। এই ঐক্যে ফাটল ধরাতে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে বিএনপি।

সেতুমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ যাতে না হয় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ পর্যন্ত ৪ কোটি মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। এ ছাড়া দলীয়ভাবেও সারাদেশের নেতাকর্মীরা প্রায় এক কোটি পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com