রবিবার, ১২ Jul ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

পঞ্চগড়ে ত্রাণের দাবিতে হোটেল শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পঞ্চগড়ে ত্রাণসহ বিভিন্ন দাবিতে হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিকরা বিক্ষোভ করেছে।

সোমবার (১১ মে) দুপুরে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে প্রায় দুই শতাধিক হোটেল শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ করেন।

পরে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন। স্মারকলিপিতে তারা জানান, জেলার পাঁচ উপজেলায় হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক রয়েছেন এক হাজার ৮০০ জন। দেড় মাসেরও বেশি সময় ধরে লকডাউনে কর্মহীন হয়ে ঘরে পড়ে রয়েছেন তারা।

দৈনিক আয় নির্ভর হওয়ায় এখন অর্ধাহারে অনাহারে কাটছে তাদের দিন। অল্প কয়েকজন শ্রমিক সরকারি ত্রাণ সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল পেলেও তা কয়েকদিনের মধ্যেই ফুরিয়ে গেছে। এখন কঠিন দারিদ্রের মধ‌্যে দিন কাটছে তাদের।

তাদের দাবি, হোটেল ও রেস্টুরেন্ট খুলে দেওয়া হোক। তা না হলে যতদিন লকডাউন পরিস্থিতি থাকবে, ততদিনের ত্রাণ সহায়তা দেওয়া হোক। এছাড়া ঈদে বেতনসহ বোনাস প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।

এ সময় পঞ্চগড় জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আইনুল হকসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com