রবিবার, ১২ Jul ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : লক্ষ্মীপুরের রায়পুরে ঈদের কেনাকাটায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এতে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধির শঙ্কায় ফের (পুনরায়) অনির্দিষ্টকালের জন্য রায়পুরকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১২ মে) সকাল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বাকি সকল ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সোমবার (১১ মে) বিকালে উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম মারুফ বিন জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন শেষে ১০ মে রায়পুর উপজেলা শহরের প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়। ঈদের কেনাকাটার জন্য উপজেলা শহর ও প্রত্যন্ত এলাকা থেকে ক্রেতারা বাজারে আসে। কিন্তু কেউই স্বাস্থবিধি মেনে কেনাকাটা করছে না। গায়ে গা লাগিয়ে দোকানের ভেতর জটলা সৃষ্টি করে বেচাকেনায় ব্যস্ত হয়ে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা। এতে করোনা ঝুঁকি বৃদ্ধির শঙ্কা রয়েছে। এ উপজেলায় এখনো পর্যন্ত ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনার প্রাদুর্ভাব রোধে উপজেলা প্রশাসন পুনরায় অনির্দিষ্টকালের জন্য লকডাউনের ঘোষণা দিয়েছে। এনিয়ে দুপুরে পৌনে ৩টার দিকে উপজেলা শহরে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে।
এ ব্যাপারে রায়পুর উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম মারুফ বিন জাকারিয়া জানান, প্রথম দিকে রায়পুর করোনামুক্ত ছিল। গত সপ্তাহ থেকে এ উপজেলায় করোনা রোগী শনাক্ত হতে শুরু করে। এ পর্যন্ত ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী বাজার খুলে দেওয়া হলেও স্বাস্থ্যবিধি মানছে না ক্রেতা-বিক্রেতারা। এজন্য পুনরায় উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, রামগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর গত ১২ এপ্রিল জেলা প্রশাসন লক্ষ্মীপুরকে লকডাউন ঘোষণা করে। পরদিন সকাল থেকে লকডাউন কার্যকর করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ১০ মে জেলা-উপজেলার প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর