রবিবার, ১২ Jul ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া এক নারীর (৫৩) ছেলে-মেয়েও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে ওই পরিবারের অন্য তিন জনের নমুনা নেগেটিভ এসেছে।
সোমবার (১১ মে) বিকেলে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আলামিন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. আলামিন হোসেন জানান, গত সোমবার (৩ মে) ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ওই নারী। ওই নারীর মেয়ের (১৯) শরীরে আগে থেকেই করোনা পজিটিভ ছিল। রোববার রাতে তার ছেলের (২২) নমুনা পরীক্ষা করা হলে তারও করোনা পজিটিভ এসেছে। ভাই-বোনকে সদর উপজেলার বাগবাটি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে বলে তিনি জানান।
এর আগে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মায়ের সেবাযত্ন করতে গিয়ে তার মেয়েও গত ২৭ এপ্রিল করোনায় আক্রান্ত হন। গত সোমবার (৩ মে) রাতে মারা যান ওই নারী। পরের দিন মঙ্গলবার (৪ মে) ভোরে নিজ বাড়িতে তথ্য গোপন করে উল্লাপাড়া পৌর এলাকার কবরস্থানে দাফন করা হয়।
নগরকন্ঠ.কম/এআর