রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জে করোনা সুরক্ষা টানেল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা পরিস্থিতি মোকাবেলায় গোপালগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী নির্মিত করোনা সুরক্ষা টানেল উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে যশোর সেনানিবাসের ১০৫-পদাতিক ডিভিশন কমান্ডার ব্রিগেডিয়ার জেলারেল মোহাম্মদ খালেদ কামাল এই টানেল উদ্বোধন করেন।

গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাটে যশোর ৫৫ পদাতিক ডিভিশনের ১১৭ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানী জীবানুমুক্তকরণ এই টানেল নির্মাণ করে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান বলেন, ‘এই টানেলের মাধ্যমে মানুষ জীবাণুমুক্ত হতে পারবে। এর মাধ‌্যমে জেলাবাসী উপকৃত হবে।’

গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান বলেন, ‘গোপালগঞ্জবাসীকে সুরক্ষা ও জীবানুমুক্ত রাখতে সেনাবাহিনী কর্তৃক স্থাপিত টানেল বিশেষ ভূমিকা রাখবে। এখানে দুইটি টানেল স্থাপন করা হয়েছে। একটি টানেল দিয়ে মানুষ আর অপর টানেলটি দিয়ে গাড়ি জীবানুমুক্ত করা যাবে।’

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ‘কোভিড-১৯ এর প্রাদুর্ভাব শুরুর পর থেকে আমরা জীবনুনাশক স্প্রে, হাত ধোয়া, সামাজিক ও ব্যক্তিগত দূরত্ব বজায় রাখতে কাজ করেছি। গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাটে সেনাবাহিনী যে জীবানুনাশক টানেল স্থাপন করেছেন, এর মাধ্যমে আমরা যারা প্রয়োজনে ঘরের বাইরে বের হচ্ছি- তারা নিজেকে ও ব্যবহৃত গাড়ি জীবানুমুক্ত করতে পারছি। এতে আমরা নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখতে পারব।’

যশোর ৫৫ পদাতিক ডিভিশনের ১০৫ পদাতিক ডিভিশন কমান্ডার ব্রিগেডিয়ার জেলারেল মোহাম্মদ খালেদ কামাল বলেন, ‘গোপালগঞ্জ জেলা শহরকে আমরা করোনা জীবাণুমুক্ত করতে দু’টি টানেল স্থাপন করেছি। একটি টানেলের মধ্য দিয়ে পথচারী ও অন্যটির মধ্য দিয়ে যানবাহন চলাচল করবে। টানেলের মধ্য দিয়ে যাবার সময়ে স্বয়ংক্রিয়ভাবে জীবাণুনাশক ডিটারজেন্ট স্প্রে হয়ে জীবাণুমুক্ত করবে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com