রবিবার, ১২ Jul ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী পুলিশ কনস্টেবল মো. নঈমুল হক করোনায় আক্রান্ত ছিলেন।
মৃত্যু পরবর্তী তার নমুনা রিপোর্টে তিনি করোনা পজেটিভ ছিলেন বলে জানা গেছে।
নঈমুল হকই চট্টগ্রামে প্রথম পুলিশ সদস্য যিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
শনিবার (১৬ মে) রাত ৮টার দিকে স্বাস্থ্য বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর) আবু বকর সিদ্দিক এ তথ্য রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।
মো. নঈমুল হক (৩৮) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক (বন্দর) বিভাগের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানায়।
তিনি জানান, মো. নঈমুল হক (৩৮) গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি তার আগের দিন শ্বাসকষ্ট নিয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হন।
গত রাত ৯টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়া পুলিশ লাইন্সে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে তার জানাজা অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ওই জানাজায় অংশগ্রহণ করেন। এবং তার মরদেহের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। জানাজা শেষে দাফনের জন্য গ্রামের বাড়িতে তার মৃতদেহ পাঠানো হয়।
সিএমপির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, কনস্টেবল নঈমুল হক করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না বিষয়টি নিশ্চিত হবার জন্য মৃত্যুর পর তার নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছিল। শনিবার রাতে পাওয়া রিপোর্টে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে জানা যায়। নঈমুল হক-ই চট্টগ্রামে করোনায় মারা যাওয়া প্রথম পুলিশ সদস্য।
তার মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান গভীর দুঃখ ও শোক প্রকাশ করে বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধের সম্মুখ যোদ্ধা কনস্টেবল নঈমুল হকের মহান আত্মত্যাগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আরো শক্তিশালী হয়ে সামনে এগিয়ে যাবে।’
কনস্টেবল নঈমুল হকসহ বাংলাদেশ পুলিশের মোট ৮ জন বীরযোদ্ধা করোনাভাইরাস যুদ্ধে মারা গেলেন। তাদের সকলের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সিএমপি পরিবার গভীর সমবেদনা জানিয়েছে।
নগরকন্ঠ.কম/এআর