রবিবার, ১২ Jul ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

সমুদ্র উত্তাল, বন্দরে পণ‌্য খালাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফানের কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। এতে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে থাকা বড় বড় জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ হয়ে গেছে।

এছাড়া চট্টগ্রাম বন্দর থেকে সতর্কতার অংশ হিসেবে এসব বড় জাহাজকে সমুদ্রের দূরবর্তী কতুবদিয়া ও কক্সবাজার উপকূলের কাছাকাছি গিয়ে সমুদ্রে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

অপরদিকে যেসব ছোট জাহাজের মাধ্যমে বহিঃনোঙ্গরে থাকা বড় জাহাজ থেকে পণ্য খালাস হয়, সেসব লাইটার জাহাজকে কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর উজানে গিয়ে নোঙর করতে নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র ক্রমশ উত্তাল হয়ে উঠেছে। এর ফলে বন্দরের বহিঃনোঙ্গরে থাকা বড় জাহাজ সমূহ হতে লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাস এখন বন্ধ রয়েছে। সমুদ্রে মাত্রাতিরিক্ত ঢেউয়ের কারণে সমুদ্রে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য ওঠানামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ফলে এই কার্যক্রম এখন বন্ধ।

বন্দর সচিব জানান, বন্দর জেটির বাইরে সমুদ্রের বহিঃনোঙ্গর এলাকা কুতুবদিয়া, সেন্টমার্টিন ও কক্সবাজারসহ গভীর সাগরে ৯৯টি জাহাজ পণ্য খালাসের জন্য অপেক্ষমান বা পণ্য খালাস চলমান ছিল। এসব জাহাজকে গভীর সমুদ্রে ইঞ্জিন চালু রেখে নিরাপদ অবস্থানে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে চট্টগ্রাম বন্দর থেকে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, আবহাওয়া দপ্তরের ৪ নম্বর সতর্কতা সঙ্কেতের প্রেক্ষিতে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সঙ্কেত বৃদ্ধি পেলে বন্দরে এলার্ট-৩ জারি করা হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com