রবিবার, ১২ Jul ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

নটরডেম লিটারেসি স্কুলের শিক্ষার্থীদের কাছে ‘রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দেশের বিখ্যাত বিদ্যাপীঠ নটরডেম কলেজের ব্যবস্থাপনায় সমাজের সুবিধা বঞ্চিত শিশু কিশোর এবং শ্রমজীবী মানুষের জন্য দীর্ঘদিন যাবত পরিচালিত হয়ে আসছে সান্ধ্যকালীন শিক্ষালয় নটরডেম লিটারেসি স্কুল।

বর্তমান কভিড১৯ মহামারী পরিস্থিতিতে স্কুলের শ্রমজীবী শিক্ষার্থীদের অনেকের পরিবারের আয়ের সকল পথ বন্ধ রয়েছে। যার ফলে বর্ণিত পরিবারসমূহ চরম খাদ্যাভাব ও আর্থিক সংকটে পতিত হয়েছে। তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে ‘রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ’ এর উদ্যোগে রোটারি ক্লাব ঢাকা স্টার্স এর ব্যবস্থাপনায় মঙ্গলবার (১৯ মে) নটরডেম কলেজ প্রাঙ্গণে এ সকল পরিবারের শিক্ষার্থীদের মাঝে জরুরি খাদ্য এবং নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়।

নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও (সিএসসি) এর উপস্থিতিতে রোটারিয়ান খালেদ ফয়সল রহমান জিতু, নটরডেম লিটারেসি স্কুলের প্রধান শিক্ষক জেভিয়ার গোমেজ, শিক্ষক নাদিরুজ্জামান ও বেগম শিউলি আক্তার প্রমুখ খাদ্য এবং নিরাপত্তা সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও রোটারেক্ট ক্লাব অফ নটরডেম কলেজ এই কার্যক্রমে সহায়তা করে।

উল্লেখ্য, নটরডেম লিটারেসী স্কুলে বর্তমানে ৪২৫ জন শিক্ষার্থী রয়েছে যারা ১৮০ টি পরিবারের অন্তর্ভুক্ত। তন্মধ্যে অদ্য দূর্দশাগ্রস্ত ৭৫ পরিবারের শিক্ষার্থীর মাঝে খাদ্য বিতরণ করা হয়, যার আনুমানিক সুবিধাভোগীর সংখ্যা ৩৩০ জন।

‘রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ’-এর অন্যতম উদ্যোক্তা রোটারিয়ান টি আই এম নুরুল কবীর খাদ্য ও নিরাপত্তা সামগ্রী বিতরণ কাজ সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পাদনের জন্য নটরডেম কলেজ অধ্যক্ষ, রোটারি ক্লাব অফ ঢাকা স্টার্স, রোটারেক্ট ক্লাব অফ নটরডেম কলেজ এবং নটরডেম লিটারেসি স্কুলের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com