রবিবার, ১২ Jul ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

ছাগলনাইয়ায় শিশু ধর্ষণের ঘটনায় একজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ছাগলনাইয়া উপজেলায় গত রোববার এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবককে সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন মো. শফিক (৩৮) । তিনি শুভপুর ইউনিয়নের উত্তর ভল্লবপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাজারে মাংস বিক্রি করেন।

পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেয়েটির পরিবার ছাগলনাইয়ার দারোগার হাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। রোববার সকালে শফিক তাকে একা পেয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় রাতেই মেয়েটির বাবা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরদিন সোমবার রাতে শফিককে পুলিশ গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে তাঁকে বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সকালে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

ছাগলনাইয়া থানার ওসি মো. মেজবাহ উদ্দিন বলেন, শিশুটির স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে। বুধবার বিচারিক হাকিমের আদালতে তার ২২ ধারায় জবানবন্দি নেয়ার কথা রয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com