রবিবার, ১২ Jul ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

মাধবপুরে জমি নিয়ে সংঘর্ষে মধ্যস্থতাকারী নিহত, আহত ৫

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : হবিগঞ্জের মাধবপুরের হাড়িয়া গ্রামে জমি নিয়ে সংঘর্ষে মর্তুজ আলী (৬০) নামে এক মধ্যস্থতাকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। মঙ্গলবার (২৬ মে) সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ৩ জনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী হাজী তাহের মিয়া, জিতু মিয়া ও শহিদ আলী জানান, হাড়িয়া গ্রামের মৃত আব্দুল আলী মুন্সির ছেলে মাওলানা সামছুল হক ও আব্দুল মালেকের ছেলে মকবুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। মঙ্গলবার সকালে উক্ত জমিতে মকবুল মিয়া ট্রাক্টর নিয়ে চাষ করতে গেলে মাওলানা সামছুল হক ও তার স্ত্রী বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে মর্তুজ আলী ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর জন্য মধ্যস্থতা করার চেষ্টা করেন। এ সময় ট্রাক্টরের আঘাতে ও মকবুল আলীর লোকদের মারধরে মর্তুজ আলী গুরুতর আহত হন। এরপর স্বজনরা তাকে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফজলুর রহমান, জুনায়েদ মিয়া ,আমেনা বেগম, রাশেদ মিয়া ও সাজেদুল হক আহত হয়ে হাসপাতালে আসলে তাদের মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নিহত মর্তুজ আলীর ছেলে রাসেল মিয়া জানান, মকবুল আলী ও তার ভাইয়েরা সুদের ব্যবসা করে ও লাঠিয়াল প্রকৃতির লোক। তারা তার বাবাকে পিঠিয়ে হত্যা করেছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com