শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

আরিচা-পাটুরিয়ায় ব্যাপক ভাঙন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঘূর্ণিঝড় আম্ফান ও গত কয়েক দিনের বৃষ্টিসহ প্রবল বাতাসে পদ্মা-যমুনা তীরবর্তী পাটুরিয়া ও আরিচা ঘাটের গুরুত্বপূর্ণ অংশে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে।

আরিচা ঘাটে কাছে যমুনার ভাঙন ঠেকাতে প্রাথমিকভাবে প্রায় ৬০ লাখ টাকা ব্যয় সাপেক্ষে ১৩ হাজার জিও ব্যাগ ফেলার প্রকল্প শুরু করার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) থেকে কাজ শুরু করবে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।

এদিকে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদিক বুধবার (২৭ মে) পাটুরিয়া ঘাটের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান। সেসময় তিনি ভাঙনরোধে প্রকৌশল বিভাগকে তাৎক্ষণিক কাজ করার নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, আম্ফানের প্রভাবে পদ্মা পাড়ের পূর্বাংশে স্পর্শকাতর পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে পাটুরিয়ার ৩, ৪ ও ৫ নং ফেরি ঘাট এলাকা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া, যমুনা তীরের আরিচার উত্তরের নিহালপুর থেকে দক্ষিনের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দেওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃস্টি হয়েছে।

আরিচা ঘাটের কাছে ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ড চলতি মৌসুমে মোটা টাকা ব্যয়ে ড্রেজিং কার্যক্রম চালালেও তা ফলপ্রসু হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

বিআইডব্লিউটিএর আরিচা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন পাঠান জানান, সংস্থার চেয়ারম্যান ও প্রধান প্রকৌশলীর তাৎক্ষণিক নির্দেশ মোতাবেক জরুরি ভিত্তিতে পাটুরিয়া ঘাট এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ শুরু করা হয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দুই সপ্তাহের মধ্যে ভাঙন রোধ সম্ভব হবে।

সংস্থার চেয়ারম্যানের বরাত দিয়ে তিনি সাংবাদিকদের আরও জানান, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি-লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে ঘাট সংস্কারের কোনো বিকল্প নেই। তাই জরুরি ভিত্তিতে পাটুরিয়ার তিনটি ঘাট মেরামতের কাজ চলছে।

এদিকে, পানি উন্নয়ন বোর্ড মানিকগঞ্জ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানিয়েছেন, যমুনা তীরবর্তী আরিচা এলাকায় ভাঙন রোধে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশানুযায়ী আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে জিও ব্যাগ প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হবে। প্রকল্পের গতি ও পরিধি বৃদ্ধির জন্য অতিরিক্ত বরাদ্ধের আবেদন করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com