শনিবার, ১১ Jul ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

ডলফিন রক্ষায় পদক্ষেপ জানাতে নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন, জীব বৈচিত্র্য রক্ষায় জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি কী কী পদক্ষেপ নিয়েছে, তা ১৫ দিনের মধ্যে প্রতিবেদন আকারে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে গত ২৪ মে জালে আটকা পড়ে নতুন করে মারা যাওয়া ডলফিন সম্পর্কে বিস্তারিত জানাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন বলেন, ‘আজ এই রিট মামলার ‍শুনানিতে গত ২৪ মে হালদা নদীতে জালে আটকা পড়ে একটি বড় আকৃতির ডলফিন মারা যাওয়ার ঘটনা নজরে আনার পর আদালত উপরোক্ত আদেশ দিয়েছেন।’

গত ১৯ মে চট্টগ্রামের হালদা নদীর ডলফিন, জীব বৈচিত্র্য রক্ষায় জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটি গঠন করে দেন হাইকোর্ট। ‘হালদা নদীর ডলফিন হত্যা রোধ, প্রাকৃতিক পরিবেশ, জীব বৈচিত্র্য এবং সকল প্রকার মা মাছ রক্ষা কমিটি’ নামে এই কমিটিতে হালদা তীরের এলাকার সংসদ সদস্যদের উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।

কমিটিতে চট্টগ্রামের জেলা প্রশাসককে সভাপতি এবং চট্টগ্রামের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম জেলার পুলিশ সুপার, নৌ পুলিশ, কোস্টগার্ড, পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তা ছাড়াও হাটহাজারী, ফটিকছড়ি, বোয়ালখালী, রাউজান, রামগড় ও মানিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের প্রতিনিধি, জেলা প্রশাসকের মনোনীত দুজন হালদা গবেষক, দুজন এনজিও প্রতিনিধি এবং নদী তীরবর্তী উপজেলা চেয়ারম্যানদের কমিটিতে রাখতে বলা হয়।

গত ১১ মে চট্টগ্রামের হালদার ডলফিন রক্ষায় পদক্ষেপ নিতে নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে হালদা নদী থেকে একের এক ডলফিন হত্যা বন্ধে কি পদক্ষেপ নেয়া হয়েছে তা জানাতে বিবাদীদের নির্দেশ দেয়া হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটনের এক রিট আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশ দেন ভার্চুয়াল হাইকোর্ট।

গত ১০ মে হালদা নদী থেকে একের এক ডলফিন হত্যা বন্ধের নির্দেশনা চেয়ে ভার্চুয়াল হাইকোর্টে রিট দায়ের করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com