শনিবার, ১১ Jul ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

রাণীনগরে বাসায় ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নওগাঁর রাণীনগরে গভীর রাতে বাসায় ঢুকে রুঞ্জু মণ্ডল (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে মুখোশধারী দুবৃত্তরা।

শুক্রবার (২৯ মে) ভোর রাতে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম।

রুঞ্জু মণ্ডল উপজেলার রাতোয়াল গ্রামের আলহাজ্ব শুকবর আলী মণ্ডলের ছেলে। তিনি স্থানীয় রাতোয়াল বাজারে ধান, চাল, সার ও তেলের ব্যবসা করতেন।

রুঞ্জু মণ্ডলের বড় মেয়ে রুমি আক্তারের বলেন, ‘বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। রাত অনুমান সাড়ে ১২টা নাগাদ মুখোশধারী এক যুবক বাসার সঙ্গে লাগানো গোয়াল ঘরের টিনের চালের টিন কেটে রান্না ঘরে প্রবেশ করে পানির মোটর চালু করে। এ সময় আমার নানু মোটরের পানি পরছে টের পেয়ে মাকে ডেকে মোটর বন্ধ করতে বলে। আমার বাবা উঠে মোটর বন্ধ করার জন্য রান্না ঘরের দরজা খোলা মাত্রই মুখোশধারী ওই যুবক এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় আমার মা এগিয়ে গেলে তাকেও কোপ মারে। আমরা সবাই উঠলে হামলাকারী গোয়াল ঘরের দরজা খুলে পালিয়ে যায়। বাবাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নওগাঁ পরে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তিনি সেখানে মারা যান।’

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি (তদন্ত) তারিকুল ইসলাম জানান, খরব পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে ডাকাতি বা লুটপাটের জন্য ঘটনা ঘটতে পারে এমন কোন আলামত পাইনি। তবে যেই এটা করুক না কেন ওই বাড়িতে তার আগে থেকেই যাতায়াত ছিল এবং পূর্ব কোন শত্রুতার জের ধরে হয়তো এঘটনা ঘটাতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এঘটনায় এখন পর্যন্ত থানা পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com