শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ-সিবোট চলাচল শুরু, ফেরিতে চাপ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লকডাউন শেষে লঞ্চ ও সিবোট চলাচল শুরু হয়েছে। তবে এখনও যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়নি শিমুলিয়া ঘাট থেকে। আজও যাত্রী চাপ দেখা গেছে। ফেরিগুলোতে ছিল পন্যবাহী ট্রাকসহ বিভিন্ন প্রকার যানবাহন পারাপার।

শিমুলিয়া ঘাটে গিয়ে সরেজমিনে দেখা যায়, দীর্ঘ ৬৬ দিন পর আবারো যাত্রীর পদচারণায় প্রান ফিরে পেয়েছে লঞ্চ ও সিবোট ঘাট। পারাপার শুরু হয়েছে নৌযানে। তবে যাত্রীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম। সামাজিক দূরত্ব বজায় রেখে হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করিয়ে লঞ্চগুলোতে তোলা হচ্ছে যাত্রী। তবে শুরুতে সিবোটে আগের মত যাত্রী তোলা হলে পরে নৌপুলিশের হস্তক্ষেপে সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী তোলা হচ্ছে।

এদিকে, ফেরি ঘাটে গিয়ে দেখা গেছে স্বাভাবিক দিনগুলোর মত ফেরি চলাচল করছে। লকডাউনের দিনগুলোর মত ফেরিতে গাদাগাদি করে যাত্রী পার হচ্ছে। এখন ফেরি ভর্তি যানবাহনই বেশি দেখা যাচ্ছে। যাত্রীর সংখ্যাও বেশি। বাস স্ট্যান্ডগুলোতে বাস থাকলেও ঢাকার উদ্দেশ্যে কোন বাস ছেড়ে যাচ্ছেনা। যাত্রীরা আগের মত ছোট ছোট যানবাহনে করে ঢাকায় যাচ্ছে।

মাওয়া নৌপুলিশের আইসি পরিদর্শক সিরাজুল কবির জানান, দীর্ঘ দিন পর শিমুলিয়া লঞ্চ ও সিবোট ঘাটে যাত্রীর কোলাহল শুরু হয়েছে। তবে উভয়মুখী যাত্রীর চলাচল ছিল বেশি। সামাজিক দূরত্ব বজায় রেখেই লঞ্চ সিবোট ছেড়ে যাচ্ছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com