শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

দুর্যোগের সঙ্গে বসবাস ওদের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বরগুনা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুরসহ উপকূলীয় বাসিন্দাদের জীবন চলে অতি কষ্টে। ঝড়, জলোচ্ছ্বাস, দুর্যোগের সঙ্গে তাদের বসবাস। প্রতিনিয়ত দুর্যোগের সঙ্গে লড়াই করেই বেঁচে থাকে উপকূলবাসী।

সংবাদকর্মি ছবি তুলতে গেলে বলেন, ‘আরে স্যার মোগো ছবি তোলেন, ছবি তুইল্যা কি হরবেন। এ রহমের কতো লোকে যে কত ছবি তুইল্যা নেলে কোনো কামের কাম তো দেহি না। মোগো কতা কেউ ভাবে না, মেগো কেউ জিগায়ও না।’
এসব কথা বলেন বিহঙ্গদ্বীপ সংলগ্ন শুঁটকি পল্লির এক শ্রমিক ।

তিনি বলেন, মোগো জন্ম হইছে কষ্টের কপাল নিয়া। ছবি তুইল্যা মোগো কপালের পরিবর্তন আনতে পারবেন না। এতো কষ্ট করি । মোগো দেখার কেউ নাই।

বিশ্বঐতিহ্য ম্যানগ্রোভ সুন্দরবন ঘেঁষা বলেশ্বর নদ, তার পাশেই উপকূলীয় উপজেলা পাথরঘাটা। বলেশ্বর, বিষখালী নদী আর দক্ষিণে বঙ্গোপসাগর। বলেশ্বর ও বিষখালী নদীর মাঝখানেই পাথরঘাটা উপজেলা। এখানকার অধিকাংশ মানুষ খেটে খাওয়া দিনমজুর এবং মৎস্য পেশার ওপর নির্ভরশীল। উপকূলীয় উপজেলা পাথরঘাটার মানুষ সব সময়ই দুর্যোগের সঙ্গে আলিঙ্গন করেই বসবাস করে। সিডর, আইলা, মহাসেন, কোমেন, ফণি, বুলবুল, আম্পান। সব কিছুই যেন তাদের জীবনসঙ্গী।

সরেজমিনে পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের বিহঙ্গদ্বীপ সংলগ্ন রুহিতা গ্রাম। যেখানের বাসিন্দাদের কাজ মাছ শিকার, মাছ বাছাই ও শুঁটকি তৈরি করা। এসব কাজ করেই চলে তাদের জীবন-জীবিকা। এখানকার অনেক নারী মাছ শুকানো ও বাছাই করে জীবিকা নির্বাহ করে। পুরুষের সঙ্গে সমান অংশে কাজ করলেও এখনো বৈষম্যের শিকার নারী শ্রমিকরা।

আজও বৈষম্যের শিকার হচ্ছেন তারা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে ২শ টাকা পাচ্ছেন।

নারী শ্রমিকরা বলেন, ২২ বছর ধইর্যা কাজ করি। শুঁটকির সিজনে মাছ বাইছ্যা পাই ২০০ টাকা। কাঁচা মাছ বাইছ্যাও পাই ১ থেকে ১৫০ টাকা। হেইয়্যা দিয়া কোন রকমে চলে।

শুঁটকি পল্লিতে নারীরা অগ্রাধিকার হিসেবে কাজের সুযোগ পেলেও পারিশ্রমিক পাচ্ছেন না সে রকম।

এ বিষয় শুঁটকির মালিক বলেন, আমাদের যেভাবে উপার্জন হয় তার উপরেই শ্রমিকদের পারিশ্রমিক দেই।

তাদের কোনো রকম বঞ্চিত করা হচ্ছে না বলে দাবি করেন তিনি।

নারী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের পাথরঘাটা উপজেলা ব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন বলেন, আমরা বিগত কয়েক বছর ধরে নারীর অধিকার নিয়ে কাজ করছি। বিশেষ করে পাথরঘাটায় নারী শ্রমিকদের শ্রম ভিন্নতা রয়েছে। আমরা তাদের অধিকার এবং পারিশ্রমিকের বিষয়ে এলাকাভিত্তিক সচেতনামূলক কাজ করেছি কিন্তু কিছুটা পরিবর্তন হলেও আশানুরূপ পরিবর্তন এখনো হয়নি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com