শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

ভাড়া বেশি হওয়ায় রাজশাহীতে বাসে যাত্রী কম

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দেশের অন্যান্য স্থানের মতো রাজশাহীতেও স্বাস্থ্যবিধি মেনে সোমবার শুরু হয়েছে বাস চলাচল। তবে বাড়তি ভাড়ার কারণে বাসে যাত্রী খুবই কম। জরুরি প্রয়োজন ছাড়া কেউই বাসে উঠতে চাইছেন না। ট্রেনেই যাতায়াত করছেন অধিকাংশ যাত্রী।

দুই মাস পর রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনাল থেকে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। এছাড়া, মহানগরীর নওদাপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও জয়পুরহাটের উদ্দেশে বাস ছেড়ে গেছে।

সোমবার সকালে রাজশাহী মহানগরীর ‘ঢাকা বাস বাসস্ট্যান্ড’ খ্যাত শিরোইল এলাকায় গিয়ে দেখা গেছে, বাস কাউন্টার ও যাত্রীবাহী বাসের মধ্যে স্বাস্থ্যবিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। প্রতিটি টিকিট কাউন্টারের প্রবেশমুখেই জীবাণুনাশক পা-দানি, স্প্রে ও হ্যান্ড সেনিটাইজেশনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, বাস ছাড়ার আগে জীবাণুনাশক ছিটিয়ে সিট ও হাতল জীবাণুমুক্ত করতে দেখা গেছে। হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে বাসের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। একটি সিট ফাঁকা রেখে আরেকটি সিটে যাত্রী বসানো হয়েছে। ফলে এক যাত্রী থেকে আরেক যাত্রীর শারীরিক ব্যবধান থাকছে দুই সিট। এভাবে অর্ধেক যাত্রী নিয়ে বাস ছাড়ছে বিভিন্ন গন্তব্যে।

এদিকে, বাড়তি বাস ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ দেখা গেছে। বাসে অর্ধেক যাত্রী নেওয়ার শর্তে ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছে সরকার। এটি কার্যকরও হয়েছে। বিআরটিএ নির্দেশিত নতুন ভাড়া অনুযায়ী নন-এসি বাসের ভাড়া ঢাকা-নাটোর ৭২০ টাকা, ঢাকা-রাজশাহী ৮৬০ টাকা, ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ ১ হাজার টাকা, ঢাকা-শিবগঞ্জ ১ হাজার ৮০ টাকা। এসি বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে—ঢাকা-নাটোর ১ হাজার ৬২০ টাকা, ঢাকা-রাজশাহী ১ হাজার ৮০০ টাকা, ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ ১ হাজার ৯৮০ টাকা। ফিরতি রুটেও একই ভাড়া প্রযোজ্য।

রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘বাধ্য হয়েই বাসে ঢাকার উদ্দেশে রওনা দিতে হচ্ছে। ছুটি শেষ হয়ে গেছে। ট্রেনের টিকিট পাওয়া যায়নি। তাই বাড়তি ভাড়া দিয়েই ঢাকায় যাচ্ছি।’

শিরোইলে বাসস্ট্যান্ডে হানিফ এন্টারপ্রাইজের ম্যানেজার মনজুর রহমান খোকন বলেন, ‘পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে বাস ছাড়ছি আমরা। স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট নির্দেশনা কাউন্টারের সামনে প্রদর্শন করা হচ্ছে। সব রকম ব্যবস্থা রাখা হয়েছে কাউন্টার ও বাসের মধ্যে। নির্দেশনা অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়েই প্রতিটি বাস রাজশাহী থেকে ঢাকা যাচ্ছে। এজন্য সরকার নির্ধারিত হারে ভাড়া নেওয়া হচ্ছে। এখানে আমাদের বিশেষ কিছু করার নেই।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com