শনিবার, ১১ Jul ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

জামিন পাননি পার্থ গোপাল বণিক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দুর্নীতির মামলায় সিলেটের সাময়িক বরখাস্ত কারা উপ-মহাপরিদর্শক পার্থ গোপাল বণিককে জামিন দেননি হাইকোর্ট।

বুধবার (৩ জুন) বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল কোর্ট তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার মাহবুব শফিক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে আইনজীবী ছিলেন খুরশিদ আলম খান।

আইনজীবী খুরশিদ আল খান জানান, ভার্চুয়াল আদালত জামিন না দিয়ে নিয়মিত আদালতে যেতে বলেছেন।

গত ১৫ সেপ্টেম্বর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন নামঞ্জুর করেন। এরপর তিনি হাইকোর্টে আবেদন করেন।

গত বছর ২৮ জুলাই ধানমন্ডির ভুতের গলিতে পার্থ গোপাল বণিকের বাসায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করে দুদক। এর আগে ঐদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে কমিশনের পরিচালক মুহাম্মদ ইউছুফের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করা হয় পার্থ গোপাল বণিককে।

ওইদিন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, ঘুষ ও দুর্নীতির কয়েক লাখ নগদ টাকা তার বাসায় রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে পার্থ গোপাল বণিকের বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ৮০ লাখ টাকা জব্দ করা হয় এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। পরে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান দলের নেতা মো. সালাউদ্দিন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।

গত বছরের ৩০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ রাষ্ট্রপতির আদেশক্রমে পার্থ গোপাল বণিককে গ্রেপ্তারের দিন থেকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com