শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

টাঙ্গাইলে বাসচাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের চাকায় পিষ্ঠ হয়ে মাজেদুল ইসলাম নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্ল্যায় এ দুর্ঘটনাটি ঘটে।

মাজেদুর জেলার নাগরপুর উপজেলার ভাররা ইউনিয়নের উরাডাব গ্রামের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য শহীদুর ইসলামের ছেলে।

মাজেদুলের বাবা শহীদুল ইসলাম জানান, সকালে মোটরসাইকেলে করে তাকে নিয়ে গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থেকে গাজীপুরের কোনাবাড়ী নিজেদের বাসায় যাচ্ছিলেন মাজেদুল। পথে পাকুল্যা ফিলিং স্টেশনের সামনে এলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী কনক পরিবহনের ( ঢাকা- মেট্রো- ব-১৪-২৬২১) একটি বাস পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ( ঢাকা- মেট্রো-ল- ২৯- ৩৩৪৭) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মাজেদুর মারা যান। এ ঘটনায় তিনিও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। নিহত মাজেদুরের টাঙ্গাইলের কাগমারি এমএম আলী কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক ( এসআই) শহীদুল ইসলাম জানান, বাসের চালক ও হেলপার কাউকে আটক করা যায়নি। তবে বাসটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com