শনিবার, ১১ Jul ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বিভাগের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে ‘রেডজোন’ খুলনা জেলা এখন শীর্ষ অবস্থানে রয়েছে। জেলায় মোট করোনা পজিটিভ-এর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। খুলনায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চার জন।
খুলনা বিভাগের দশ জেলায় আক্রান্তের সংখ্যা ৮৪২ জন এবং মারা গেছেন মোট ১৪ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪১ জন, আর সুস্থ হয়েছেন ৩৩৫ জন।
সোমবার (৮ জুন) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সূত্র জানান, আক্রান্তদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২০১ জন, বাগেরহাটে ৪৩ জন, সাতক্ষীরায় ৫৩ জন, যশোরে ১৪২ জন, ঝিনাইদহে ৬০ জন, মাগুরায় ৪০ জন, নড়াইলে ৩১ জন, কুষ্টিয়ায় ১২০ জন, চুয়াডাঙ্গায় ১২৩ জন এবং মেহেরপুর জেলায় ২৯ জন।
এই সূত্র মতে, আক্রান্তদের মধ্যে খুলনায় চার জন, বাগেরহাটে দুজন, যশোরে এক জন, মাগুরায় দুজন, নড়াইলে দুজন, চুয়াডাঙ্গায় এক জন এবং মেহেরপুরে দুজনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ১০ মার্চ থেকে খুলনা বিভাগের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল ৩৭ হাজার ৮৯০ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইনের মেয়াদ পার হওয়ার পর ছাড়পত্র দেওয়া হয়েছে ৩২ হাজার ৪৭৫ জনকে।
বিভাগে সর্বমোট আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ৮৮৬ জন, আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৭৫ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান, খুলনা মেডিক্যাল কলেজ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাবে খুলনা বিভাগের ১০ জেলার মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে।
পরীক্ষার পর আক্রান্তদের উপসর্গের মাত্রা বেশি হলে তাদেরকে করোনা হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আর বেশি না থাকলে তাদেরকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
নগরকন্ঠ.কম /এআর