শনিবার, ১১ Jul ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

খুলনায় হরিণের চামড়াসহ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : তিনটি হরিণের চামড়াসহ ফারুক গাজী (৩০) নামে এক পাচারকারিকে আটক করেছে র‌্যাব-৬ এর একটি দল।

সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের কাচারীবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

সোমবার (৮ জুন) র‌্যাব-৬ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে রোববার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ফারুক গাজী দাকোপ উপজেলার কালাবগি গ্রামের মৃত কওসার গাজীর ছেলে।

র‌্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়, করোনাভাইরাস পরিস্থিতির সুযোগে সুন্দরবন এলাকায় বন্যপ্রাণি চোরাচালানের বেশ কয়েকটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। এ অবস্থায় চোরাচালানকারীদের অপতৎপরতা রোধে র‌্যাবের গোয়েন্দা দল সুন্দরবন এলাকায় নজরদারি বৃদ্ধি করে।

এর ধারাবাহিকতায় র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন সূতারখালী গ্রামে হরিণের চামড়া ক্রয়-বিক্রয় হচ্ছে।

ওই তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি টিম রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সূতারখালী গ্রামের কাঁচারীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে হরিণের চামড়া ক্রয়-বিক্রয়ের সময় মো. ফারুক গাজী নামে একজনকে আটক করে।

তার কাছ থেকে একটি আধা শুকনো ও দুটি সদ্য প্রক্রিয়াজাতকৃত চামড়াসহ তিনটি হরিণের চামড়া উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে ফারুক গাজী হরিণের মাংস এবং চামড়া চোরাচালনাকারীদের সঙ্গে হরিণের চামড়া ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। এছাড়াও তার নিকট থেকে বন্যপ্রাণি চোরাচালান সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় দাকোপ থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানায় র‌্যাব।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com