শনিবার, ১১ Jul ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

বঙ্গবন্ধু মেমোরিয়ালে করোনা চিকিৎসায় পুলিশ-সাংবাদিকের অগ্রাধিকার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রামের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাললে করোনা চিকিৎসায় পুলিশ ও সাংবাদিকরা অগ্রাধিকার পাবেন।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে এই হাসপাতালের ১০০ শয্যাবিশিষ্ট করোনা ইউনিট উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এই ঘোষণা দিয়েছেন।

সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই হাসপাতাল পর্যায়ক্রমে ২০০ শয্যার চিকিৎসা সেবা দেওয়া যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী।

দুপুরে ঢাকার নিজ কার্যালয় থেকে অনলাইনে সংযুক্ত হয়ে তথ্যমন্ত্রী হাসপাতালের করোনা চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস, সিনিয়র সচিব কামাল উদ্দিন, পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম-মহাসচিব মহসীন কাজী, বাংলাদেশ মেডিক‌্যাল অ‌্যাসোসিয়েশনের চট্টগ্রাম জেলা সভাপতি ডা. মুজিবুল হক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ।

বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে পুলিশ ও সাংবাদিকদের অগ্রাধিকার দেয়া এবং সর্বসাধারণের জন্য হাসপাতালটি উন্মুক্ত থাকার ঘোষণা দেয়ায় মাননীয় তথ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com