শনিবার, ১১ Jul ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লুৎফর রহমান (৫২) নামে এক মাদ্রাসা শিক্ষক মারা গেছেন।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (০৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।
এর আগের দিন সোমবার রাতেই লুৎফরের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ড. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
লুৎফর রহমানের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামে। তিনি মোহনপুরের মহিষকুণ্ড মাদ্রাসার শিক্ষক। তার স্ত্রী গুলনাহার বেগম মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী।
হাসপাতালের উপ-পরিচালক ড. সাইফুল ফেরদৌস জানান, সোমবার লুৎফর রহমানকে রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। রাতে তার নমুনায় করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর মঙ্গলবার সকালেই তিনি মারা যান।
উপ-পরিচালক আরো জানান, গত শনিবার বাড়ি থেকেই তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মৃত্যুর বিষয়টি হাসপাতালের পক্ষ থেকে কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তারা স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের ব্যবস্থা করবে।
উল্লেখ্য, রাজশাহী জেলায় এ নিয়ে চারজনের মৃত্যু হলো করোনায়। গত ১২ এপ্রিল জেলার পুঠিয়া উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হন। সোমবার পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ জন।
নগরকন্ঠ.কম/এআর