শনিবার, ১১ Jul ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে বান্দরবান সদর ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন রেজা এ তথ্য জানিয়েছেন ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার (১০ জুন) দুপুর ১২ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে। এর আগেই প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করতে হবে।
এ ছাড়া ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক গণজমায়েত নিষিদ্ধ। সকল দোকান, মার্কেট, বাজার, হাট ও ব্যবসা প্রতিষ্ঠান,ব্যক্তিগত ও গণপরিবহণ বন্ধ থাকবে। নিত্য পণ্য বহনকারী হালকা ও ভারী যানবাহন রাত ৮টা থেকে থেকে সকাল ৮টা পর্যন্ত চলাচল করতে পারবে।
আরো জানা যায়, কেবলমাত্র রোববার ও বৃহস্পতিবার কাঁচাবাজার ও মুদি দোকান সীমিত আকারে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। ওষুধের দোকান ও জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সীমিত আকারে খোলা থাকবে। তবে সরকারি অফিস খোলা থাকবে কিনা বা সরকারি কর্মচারীদের যাতায়তের যানবাহন লকডাউনের আওতামুক্ত থাকবে কিনা সেই বিষয়ে ঘোষণায় জানানো হয়নি।
প্রসঙ্গত, সর্বশেষ স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে বান্দরবান সদর উপজেলায় একদিনে ১৪ জন আক্রান্তসহ জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন শিশুসহ ৬৩ জন।
নগরকন্ঠ.কম/এআর