শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পাবনা সদর উপজেলার মহেন্দ্রপুরে এক গৃহকর্মীকে নির্যাতনের পর চার তলা থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে।
মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মালেকা খাতুন (৩০) সদর উপজেলার লোহাগাড়া চমরপুর এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে ঘটনাস্থল থেকে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, মহেন্দ্রপুর এলাকার আব্দুল আলিমের বাড়িতে মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে তার স্ত্রী লাকি খাতুন ও লাকি খাতুনের মা এই নির্যাতন চালান। পরে তারা মালেকা খাতুনকে ছাদ থেকে ফেলে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ওসি নাছিম আহম্মেদ বলেন, ‘এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিবারের সাথে আলাপ করেছি। পরিবারটির পক্ষ থেকে বলা হয়েছে মালেকা খাতুন ছাদে কাপড় শুকাতে গিয়ে নিচে পড়ে গিয়ে মারা গেছেন।’
পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ও পাবনা সদর থানার ওসি নাসিম আহমেদ ঘটনাস্থলে পৌঁছেছেন।
পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান, বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। ঘটনার পরপরই বাড়ির মালিক আব্দুল আলীম পলাতক রয়েছেন।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে বিষয়টি জানার চেষ্টা করেছি। নিহতের মরদেহ আতাইকুলা গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’
নগরকন্ঠ.কম/এআর