শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

চট্টগ্রামে শিশু হত্যার অভিযোগে নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রামের বাকলিয়া থানার দক্ষিণ বাকলিয়া এলাকায় একটি বাড়ির পানির ট‌্যাঙ্কিতে চুবিয়ে দুই বছরের শিশু হত্যার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) অভিযুক্ত নাজমা বেগমকে (৪০) গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।

এদিন বিকেলে নাজমা বেগম শিশু হত্যার বিস্তারিত বর্ণনা দিয়েছেন আদালতে। বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৭ জুন বাকলিয়া থানাধীন ম্যাচ ফ্যাক্টরি রোডে নুরুল আলম মিয়ার বাড়ির ছাদে পানির টাঙ্কি থেকে আরাফ (২) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। শিশুটি নুরুল আলম মিয়ার বাড়ির ভাড়াটিয়া আবদুল কাইয়ুমের ছেলে।

আদালতে দেওয়া স্বীকারোক্তিতে নাজমা বেগম জানিয়েছেন, বাড়ির মালিক এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নুরুল আলম মিয়াকে ফাঁসাতে জনৈক ফরিদ নামের এক ব্যক্তির প্ররোচনায় এবং টাকার লোভে শিশুটিকে হত্যা করেন তিনি।

স্বীকারোক্তি দেওয়ার পর নাজমা বেগমকে কারাগারে পাঠিয়েছে আদালত।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com